TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের সামরিক ঘাঁটি থেকে সীমান্ত—২৪ ঘণ্টা নজরদারির সক্ষমতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা, বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনার ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর সক্ষমতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশ নিজেদের স্যাটেলাইট সক্ষমতা সমন্বয় করে একটি শক্তিশালী মহাকাশভিত্তিক নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলছে। এর মাধ্যমে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, বিমানবাহিনীর কার্যক্রম এবং নৌ-সুবিধা সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহের সক্ষমতা তৈরি হতে পারে।

বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ক্ষেত্রে চীনের উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় স্যাটেলাইটটি ভারতের বিভিন্ন বিমানঘাঁটি পর্যবেক্ষণ করেছে। পুরো ভারতীয় উপমহাদেশজুড়ে ধারাবাহিক নজরদারি চালানোর সক্ষমতাও রয়েছে এই স্যাটেলাইটটির।

দিগন্তরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মোট ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়। এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নতুন স্যাটেলাইটগুলো চীনের বিদ্যমান মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করছে। দুই দেশের স্যাটেলাইট সক্ষমতা একসঙ্গে ব্যবহার করা হলে ভারতের সামরিক অবকাঠামো, সীমান্তবর্তী স্থাপনা, সেনা চলাচল, বিমানঘাঁটি এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে আরও নিয়মিত ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

এই ধরনের সমন্বিত নজরদারি ব্যবস্থাকে বলা হয় আইএসটিএআর। এর মাধ্যমে স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার এবং বিভিন্ন গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করা হয়। ফলে প্রতিপক্ষের সামরিক অবস্থান, গতিবিধি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে একটি সমন্বিত চিত্র তৈরি করা সম্ভব হয়। আধুনিক সামরিক অভিযানে এ ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চীনের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট কার্যক্রম অবশ্য নতুন নয়। ২০১৮ সাল থেকেই দুই দেশের সহযোগিতায় একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে পিআরএসএস-১, পাক টিইএস-১এ এবং পাকস্যাট এমএম১।

২০১৮ সালে উৎক্ষেপিত পিআরএসএস-১ স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করা যায়। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি চার দিন পরপর পৃথিবীর যেকোনো স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। ভূমির ব্যবহার, জলাশয় এবং বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করতেও এটি ব্যবহার করা যায়।

অন্যদিকে, ২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট এমএম১ একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এই স্যাটেলাইটটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

এ ছাড়া ২০২২ সালে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের গ্রেটওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের মধ্যে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে দীর্ঘমেয়াদি চুক্তি হয়। এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপণ, প্রযুক্তিগত সহায়তা এবং মহাকাশ কার্যক্রম পরিচালনায় চীনের সক্ষমতা ব্যবহারের সুযোগ পায় পাকিস্তান।

স্যাটেলাইটের পাশাপাশি ভূমিভিত্তিক মহাকাশ পর্যবেক্ষণ ব্যবস্থাতেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিগন্তরা। প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেইজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম বা এপিওএসওএস প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভূমিতে স্থাপিত বিশেষ অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তু ও স্যাটেলাইট পর্যবেক্ষণ করা হয়। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে। অন্য দুটি রয়েছে পেরু ও ইরানে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত একটি কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়।

এই প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সামরিক ও কৌশলগত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে। চীন ও পাকিস্তানের মধ্যে এই সহযোগিতা ভারতের নিরাপত্তা পরিকল্পনা এবং সামরিক নজরদারি ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে মহাকাশভিত্তিক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্যাটেলাইট প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে ভারতের সামনে।

সূত্রঃ দ্য প্রিন্ট

এমকে

আরো পড়ুন

নেতানিয়াহুকে নিউইয়র্কে গ্রেপ্তার করা হতে পারেঃ জোহরান মামদানি

সিন্ধু জল চুক্তি নিয়ে সালিশি আদালতের রায় প্রত্যাখ্যান ভারতের

ইরানের নতুন ‘হাদিদ-১১০’ কামিকাজে ড্রোনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ