মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং চলমান পরিস্থিতি সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে দেশটির আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে এ ধরনের ছবি, ভিডিও ও তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। সৌদি আরবের প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে প্রবাসীদের সতর্ক থাকা এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের ওপর জোর দেওয়া হয়েছে।
এদিকে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য কয়েকটি হটলাইন নম্বর প্রকাশ করেছে দূতাবাস। শ্রমসংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৫ এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বর দেওয়া হয়েছে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করা যাবে ৮০০১০০০১২৪ নম্বরে। এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য +৯৬৬৫৭০২১২১৮০ নম্বর উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে নিয়মিত হালনাগাদ তথ্য পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করতে হবে। পেজটির ঠিকানা: http://[https://www.facebook.com/bdembassyrivadh](https://www.facebook.com/bdembassyriadh)
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি দূতাবাসের মূল বার্তা হলো—দেশটির আইন মেনে চলা, পরিস্থিতি-সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রচার ও আদান-প্রদান থেকে বিরত থাকা এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
সূত্রঃ রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ
এমকে

