মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এ ছাড়া মামলার চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছিল।
২০২৫ সালের ২ নভেম্বর মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারপ্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষ্য দেন। দুই দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এমকে

