TV3 BANGLA
বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গায়ের স্যুট তৈরি বাংলাদেশেঃ আলোচনায় নারায়ণগঞ্জের কারখানা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা নেভি ব্লু স্যুট তৈরি হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায়। যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড জস এ ব্যাংকের এই স্যুট তৈরি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে ট্রাম্প এই স্যুট পরেছিলেন। এরপর তার পরা পোশাকটির ব্র্যান্ড এবং কোথায় তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়।

গত ৮ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের পরা স্যুটটি সম্ভবত বাংলাদেশ অথবা চীনে তৈরি। পরে শরীফ জহির জানান, স্যুটটি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত তাদের কারখানায় তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরা পোশাক তৈরিতে বাংলাদেশের কারখানার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের কারখানাটি পাঁচ লাখ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কারখানায় রয়েছে স্বয়ংক্রিয় কাপড় কাটার ব্যবস্থা, বিশেষায়িত সেলাই ও প্রেসিং যন্ত্রপাতি। উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পোশাক পরিবহনের জন্য রয়েছে কনভেয়ারভিত্তিক ব্যবস্থাও।

শরীফ জহিরের ভাষ্য, একজন ধনকুবের মার্কিন প্রেসিডেন্টের পরনে বাংলাদেশের তৈরি সাশ্রয়ী মূল্যের স্যুট দেখা দেশের কারিগরি দক্ষতা ও প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে। তিনি এটিকে প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্যও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড আন্তর্জাতিক বাজারের জন্য পুরুষদের স্যুট, ব্লেজার, জ্যাকেট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। বিদেশি ব্র্যান্ডের জন্য এসব পোশাক উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অংশগ্রহণে ভূমিকা রাখছে।

ট্রাম্পের পরা নেভি ব্লু স্যুট বাংলাদেশের নারায়ণগঞ্জে তৈরি হওয়ার তথ্য আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক উৎপাদনে দেশের কারখানাগুলোর সক্ষমতাকে নতুন করে আলোচনায় নিয়ে এনেছে।

সূত্রঃ সিএনএন\টিবিএস

এমকে

আরো পড়ুন

লন্ডনে আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ডিম উৎসর্গ করলেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে শাহজাহান খানঃ আমি মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো অমর্যাদাকর

বাংলাদেশে আর্জেন্টাইন বিশ্বকাপ দলের গোলরক্ষক নিয়ে নানা আলোচনা