TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাসভাড়া, বিদ্যুত বিল কমছেঃ অ্যান্ডি বার্নহামের নতুন পরিবহন নীতিতে স্বস্তির বার্তা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব গ্রহণের পর পরিবহন ও জ্বালানি খাতে দুটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। গৃহস্থালি বিদ্যুতের ওপর ভ্যাট (VAT) বাতিল এবং ইংল্যান্ডে বাসভাড়ার সর্বোচ্চ সীমা কমিয়ে আনার এই দুই উদ্যোগের ফলে অনেক পরিবার ও যাত্রী বছরে সর্বোচ্চ £৬৮ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে বিভিন্ন খাতের বিশ্লেষকদের ধারণা।

সরকারি ঘোষণার অনুযায়ী, আগামী অক্টোবর থেকে গৃহস্থালি বিদ্যুতের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে শূন্যে নামিয়ে আনা হবে। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন যারা নিজ বাসায় ইলেকট্রিক গাড়ি (EV) চার্জ করেন। বিদ্যুতের খরচ কমে যাওয়ায় তাদের বার্ষিক চার্জিং ব্যয়ও কমে আসবে।

ইভি হোম চার্জিং প্রতিষ্ঠান Andersen EV-এর প্রধান নির্বাহী ডেভিড মার্টেল জানিয়েছেন, বাসায় চার্জ দেওয়া একজন গড় ইলেকট্রিক গাড়িচালক বছরে প্রায় £২০ থেকে £২৫ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আর যারা বছরে বেশি দূরত্বে গাড়ি চালান, তাদের সাশ্রয় £৩৫ থেকে £৪০ পর্যন্ত হতে পারে।

এদিকে, আগামী ১ জানুয়ারি থেকে ইংল্যান্ডে (লন্ডনের বাইরে) স্থানীয় বাসভাড়ার সর্বোচ্চ সীমা £৩ থেকে কমিয়ে £২ নির্ধারণ করা হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রতিটি যাত্রায় যাত্রীদের এক-তৃতীয়াংশ পর্যন্ত ভাড়া কমবে।

ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (DfT)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইংল্যান্ডের একজন ব্যক্তি গড়ে বছরে ৪১টি স্থানীয় বাসযাত্রা করেছেন, যার মধ্যে ২৮টি ছিল লন্ডনের বাইরে। এই হিসাবে নতুন ভাড়া কার্যকর হলে একজন নিয়মিত বাসযাত্রী বছরে গড়ে প্রায় £২৮ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

বিশ্লেষণে বলা হয়েছে, যারা একই সঙ্গে বাসায় ইলেকট্রিক গাড়ি চার্জ করেন এবং নিয়মিত বাস ব্যবহার করেন, তারা বিদ্যুতের ভ্যাট কমানো ও বাসভাড়া হ্রাস—দুই সুবিধা মিলিয়ে বছরে সর্বোচ্চ প্রায় £৬৮ পর্যন্ত সাশ্রয় করতে পারেন।

বাসভাড়া কমানোর সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গণপরিবহন মানুষের মৌলিক প্রয়োজন। কেউ যেন বেশি ভাড়ার কারণে কর্মসংস্থান, শিক্ষা বা প্রয়োজনীয় সেবার বাইরে না পড়ে। তিনি আরও বলেন, কম ভাড়া মানুষের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়তা করবে এবং দেশের লাখো মানুষকে স্বস্তি দেবে।

সরকারের এই পদক্ষেপকে জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে দেখা হলেও, এর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব এবং সরকারি ব্যয়ের ভারসাম্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ইলেকট্রিক গাড়ির মালিক, নিয়মিত বাসযাত্রী এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ে চাপে থাকা অনেক পরিবারের জন্য এই নীতিগুলো স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্যান্ডউইচে জীবন্ত তেলাপোকা! টেসকোর বিরুদ্ধে অভিযোগ বলটনের এক ব্যক্তির

লন্ডনে নিরাপদ আশ্রয়ের নতুন উদ্যোগঃ হোম অফিসের রেইড ঠেকাতে পদক্ষেপ

যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগে বড় অংকের জরিমানা