13.7 C
London
March 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বৃহৎ গৃহঋণ কেলেঙ্কারিঃ ভেঙে পড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু

যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা (এফসিএ) ভেঙে পড়া গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএফএস-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। জালিয়াতির গুরুতর অভিযোগের মধ্যে প্রতিষ্ঠানটি গত মাসে ধসে পড়ে এবং প্রশাসনিক তত্ত্বাবধানে যায়।
তদন্ত শুরুর আগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পারেশ রাজা-র বিরুদ্ধে বিশ্বব্যাপী সম্পদ জব্দের আদেশ জারি করা হয়। লন্ডন ও দুবাইয়ের আদালত তার সম্পদ সরিয়ে নেওয়া বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়। পাওনাদাররা এই আদেশ পেতে আদালতে সফল হন। পুরো ঘটনায় প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, পারেশ রাজা-র মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ও বিনিয়োগ সংস্থা থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে সেই অর্থ এমএফএস-কে সরবরাহ করত। পরে ওই অর্থ গ্রাহকদের মধ্যে গৃহঋণ হিসেবে বিতরণ করা হতো। তবে পাওনাদারদের অভিযোগ, এসব ঋণগ্রহীতার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজা-র সঙ্গে সংশ্লিষ্ট ছিল, যা পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটি কৌশল হতে পারে।

এছাড়া গুরুতর অভিযোগ উঠেছে যে, একই সম্পত্তিকে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে একযোগে জামানত হিসেবে দেখানো হয়েছে—যা “ডাবল প্লেজিং” নামে পরিচিত। এতে করে অনেক ঋণই অনিরাপদ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই কেলেঙ্কারির ফলে বড় বড় ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে। এর মধ্যে বার্কলেস, জেফারিস, সান্তান্দের-এর মতো ব্যাংক এবং এলিয়ট ম্যানেজমেন্ট, ক্যাসললেক ও অ্যাটলাস এসপি-এর মতো বিনিয়োগ সংস্থা রয়েছে।

বার্কলেস-এর প্রধান নির্বাহী সি. এস. ভেঙ্কটাকৃষ্ণন জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড পাওনা থাকলেও সম্ভাব্য ক্ষতি এর তুলনায় কম হবে বলে আশা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে পারেশ রাজা-র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার আইনজীবী পূর্বে জানিয়েছেন, কিছু ভুলত্রুটি ঘটলেও প্রতারণার কোনো উদ্দেশ্য ছিল না এবং সম্ভাব্য আর্থিক ঘাটতির সুবিধাভোগী তিনি নন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাজ্যের আর্থিক খাতে আস্থার বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং ভবিষ্যতে ঋণ ব্যবস্থাপনায় আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

আমরা যদি মানবিক বিপর্যয় বন্ধ না করি তবে আক্রমণ, রোগ এবং দুর্ভিক্ষ থেকে আরও অনেকে মারা যাবেনঃ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে যুক্তরাজ্যের বিবৃতি

নিউজ ডেস্ক

চীনের বড় পদক্ষেপঃ ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০২২: চলছে মনোনয়ন প্রক্রিয়া

অনলাইন ডেস্ক