TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বেনিফিট নিয়মে বড় পরিবর্তনঃ নিয়ম ভাঙলে জরিমানা না করার পথে সরকার

যুক্তরাজ্যে বেনিফিট বা কল্যাণভাতা গ্রহণকারীদের জন্য নিয়ম ভঙ্গের ক্ষেত্রে তুলনামূলক নমনীয় ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। সম্ভাব্য নতুন ব্যবস্থায় প্রথমবার নিয়ম ভাঙার ক্ষেত্রে সরাসরি আর্থিক জরিমানা না করে, বারবার নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন্সের (ডিডব্লিউপি) জ্যেষ্ঠ কর্মকর্তা নিল কুলিং জানিয়েছেন, বিভাগটি প্রথমবারের ভুলের পরিবর্তে বারবার নিয়ম ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে।

প্রস্তাবিত ব্যবস্থায় কোনো বেনিফিট গ্রহণকারী একবার জবসেন্টারের বৈঠকে উপস্থিত হতে না পারলে কিংবা প্রথমবারের মতো নির্ধারিত কর্মসংস্থানসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হলে তার বেনিফিট স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়ার নিয়ম নাও থাকতে পারে।

এর পরিবর্তে যারা বারবার সরকারি কর্মসংস্থান ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে অস্বীকৃতি জানাবেন বা নিয়ম মেনে চলবেন না, তাদের ওপর আর্থিক জরিমানা আরোপের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

তবে এই পরিবর্তন এখনো চূড়ান্ত হয়নি। সরকারি সূত্র জানিয়েছে, মন্ত্রীরা এখনো আনুষ্ঠানিকভাবে এই নীতিতে অনুমোদন দেননি। ফলে বর্তমানে প্রথমবার নিয়ম ভঙ্গের ক্ষেত্রেও প্রচলিত নিয়ম অনুযায়ী বেনিফিটে নিষেধাজ্ঞা বা আর্থিক কর্তন করা হতে পারে।

লিবারেল ডেমোক্র্যাট এমপি জন মিলনে হর্সহামের একটি জবসেন্টারে পরীক্ষামূলকভাবে চালু থাকা তুলনামূলক নমনীয় ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি আলোচনায় আসে।

সরকারের বিবেচনায় থাকা সম্ভাব্য নতুন ব্যবস্থার আওতায় একবারের ভুলকে তুলনামূলকভাবে নমনীয়ভাবে দেখার পাশাপাশি, যারা নিয়ম ভঙ্গের পরও বারবার সরকারি কর্মসংস্থান ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাবেন, তাদের বিরুদ্ধে আর্থিক শাস্তির ব্যবস্থা বহাল রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূত্রঃ দ্য টাইমস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বন্ধ হতে যাচ্ছে সিগন্যালের কার্যক্রম

ইংল্যান্ডের স্কুলে ফোন নিষিদ্ধঃ ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর হিসাবেও

জনগণের জন্য যুক্তরাজ্য সরকার কর্তৃক সহায়তা ফান্ডের ঘোষণা