14.4 C
London
October 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাষ্ট্র ও চীনের এআইয়ের ওপর নির্ভরশীল থাকতে চায় না ব্রিটেনঃ নিজস্ব প্রযুক্তি তৈরির তাগিদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থাকতে ব্রিটেনকে নিজস্ব প্রযুক্তি তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির অ্যালান টুরিং ইনস্টিটিউটের প্রধান জর্জ উইলিয়ামসন। তার সতর্কবার্তা, বিদেশি প্রযুক্তির ওপর এমন নির্ভরতা তৈরি করা উচিত নয়, যেগুলোর ব্যবহার যেকোনো সময় সীমিত করা কিংবা বন্ধ করে দেওয়া হতে পারে। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার বাড়তে থাকায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতে যুক্তরাষ্ট্র ও চীনের দ্রুত অগ্রগতির মধ্যে ব্রিটেনের নিজস্ব সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন উইলিয়ামসন। তিনি বলেন, জাতীয় স্থিতিস্থাপকতা বা সংকট মোকাবিলার সক্ষমতা অ্যালান টুরিং ইনস্টিটিউটের কাজের অন্যতম প্রধান লক্ষ্য হবে। অন্য দেশের তৈরি প্রযুক্তি ব্যবহার করার অনুমতি বা সুযোগের ওপর নির্ভর করে থাকা কোনো দেশের জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি নয়।

উইলিয়ামসনের মতে, এআই এখন প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রবেশ করেছে। তাই এমন প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ, যেগুলোর কার্যপ্রণালি যাচাই বা নিয়ন্ত্রণ করার সুযোগ ব্যবহারকারীর নেই। রাজনৈতিক কিংবা বাণিজ্যিক কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বা দেশ কোনো প্রযুক্তির ব্যবহার সীমিত করে দিলে ব্রিটেনও সমস্যায় পড়তে পারে।

এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উদাহরণ তুলে ধরেন। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির সর্বশেষ এআই মডেল প্রকাশ সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই গবেষণাগারগুলোকে ব্রিটেনের এআই সেফটি ইনস্টিটিউটে নিজেদের মডেল পরীক্ষার সুযোগ সীমিত রাখতে বলা হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনা প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলে মনে করেন উইলিয়ামসন।

চীনের তৈরি এআই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার আশঙ্কা, চীনের কিছু এআই মডেল থেকে দেশটির সংবেদনশীল ঐতিহাসিক ঘটনা সম্পর্কে নিরপেক্ষ বা পূর্ণাঙ্গ উত্তর পাওয়া নাও যেতে পারে। ফলে ব্রিটেনের নিজস্ব মূল্যবোধ ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি তৈরি করা প্রয়োজন। তার ভাষায়, এআই বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, আর ব্রিটেনের উচিত নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে এর বিকাশে ভূমিকা রাখা।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থনৈতিক সক্ষমতায় প্রতিযোগিতা করা ব্রিটেনের জন্য কঠিন হতে পারে বলে স্বীকার করেছেন উইলিয়ামসন। তার মতে, দেশটির লক্ষ্য হওয়া উচিত বড় প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি হুবহু অনুকরণ করা নয়; বরং নিজস্ব মেধাস্বত্ব ও ছোট আকারের এআই মডেল তৈরি করা, যা নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ও উদ্ভাবকেরাও ব্যবহার করতে পারবে।

এআইয়ের সম্ভাব্য বিপদ, রাষ্ট্রীয় মদদে অপতথ্য ছড়ানো এবং গণতন্ত্রের ওপর এর প্রভাব নিয়েও কাজ করতে পারে অ্যালান টুরিং ইনস্টিটিউট। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাষ্ট্রীয় মদদে ছড়ানো অপতথ্য মোকাবিলায় একটি নতুন জাতীয় কেন্দ্র গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী এআই প্রযুক্তির অপব্যবহার ও সম্ভাব্য দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।

উইলিয়ামসন বলেন, এআইয়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস উন্নত করা, কৃষিতে সহায়তা দেওয়া এবং অপতথ্য শনাক্ত করার মতো জনকল্যাণমূলক কাজেও ইনস্টিটিউট ভূমিকা রাখতে পারে। তিনি জলবায়ু পরিবর্তনকেও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেন। তার মতে, জাতীয় স্থিতিস্থাপকতার ধারণার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি জলবায়ু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঝুঁকিও অন্তর্ভুক্ত হওয়া উচিত।

ব্রিটেনের প্রধান এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যালান টুরিং ইনস্টিটিউটের নতুন নেতৃত্বে আসার পর উইলিয়ামসনের এই বক্তব্য সামনে এসেছে। সরকারের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটিকে প্রতিরক্ষা ও নিরাপত্তায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। নতুন কৌশলের আওতায় নিজস্ব এআই প্রযুক্তি তৈরি, গুরুত্বপূর্ণ ব্যবস্থা সুরক্ষিত রাখা এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোই এখন প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার হয়ে উঠছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

হোটেল খরচ কমাতে আসছে ‘বাড়িতে কোয়ারেন্টাইন আইন’

অনলাইন ডেস্ক

চিকিৎসা নিতে ট্যাক্সি ব্যবহারে নিষেধাজ্ঞাঃ আশ্রয়প্রার্থীদের পরিবহন ব্যয় কমাতে যুক্তরাজ্যের কড়াকড়ি

যুক্তরাজ্যের এসেক্সে কুকুরের কামড়ে প্রাণ গেলো একজন মহিলার