রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে বড় ধরনের চুক্তির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেছেন, এমন একজন নেতা প্রয়োজন, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের বিষয়ে জেলেনস্কির সঙ্গে মতবিরোধের মধ্যেই তার এই মন্তব্য সামনে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের ১০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি ঘোষণার পর জেলেনস্কির প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি, তাদের এমন একজন নতুন নেতা পাওয়া উচিত, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে রাশিয়া ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানির বাজারে সরবরাহ বাড়াতে পুতিনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ট্রাম্প।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, রাশিয়া অবিলম্বে আন্তর্জাতিক বাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে। শুক্রবার এ চুক্তির কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে বছরের শেষ নাগাদ আরও ১৫ লাখ টন ডিজেল বাজারে আনার সুযোগ তৈরি করতে রাশিয়ার ডিজেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।
জিবি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের বিষয়ে ট্রাম্পের অনুরোধে জেলেনস্কি সম্মত না হওয়ায় দুই নেতার মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। রাশিয়ার ডিজেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা এবং জ্বালানি অবকাঠামোয় হামলার পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

