ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম লন্ডনের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা ভ্যাপ বা ই-সিগারেটের প্রতি আটটির একটিতে অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া গেছে। মেট্রোপলিটন পুলিশের (মেট পুলিশ) পরীক্ষামূলক এক কর্মসূচিতে এসব তথ্য উঠে এসেছে। পরীক্ষায় গাঁজার সাইকোঅ্যাকটিভ উপাদান টিএইচসি এবং ‘স্পাইস’ নামের কৃত্রিম মাদক শনাক্ত করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিশেষায়িত যন্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা ৩২টি ভ্যাপ পরীক্ষা করেছে। এর মধ্যে চারটিতে অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া পরীক্ষাগারে আরও তিনটি ভ্যাপের নমুনা পরীক্ষা করে মাদক শনাক্ত হওয়ার আশঙ্কা করছে পুলিশ।
মেট পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বেন রাসেল বলেন, প্রাথমিক পরীক্ষায় মাদক শনাক্তের হার প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এসব ফলাফল শিশুদের জন্য গুরুতর ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। অনেক শিশু মনে করে, তারা সাধারণ নিকোটিনযুক্ত ভ্যাপ ব্যবহার করছে, অথচ এর ভেতরে থাকতে পারে বিপজ্জনক মাদক।
তিনি বলেন, ভ্যাপ ব্যবহারের পর বেশ কয়েকটি শিশুর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। তারা ভেবেছিল, এতে শুধু নিকোটিন ও সুগন্ধি রয়েছে। কিন্তু অজান্তেই এমন কিছু গ্রহণ করেছে, যা তাদের শরীরের জন্য ক্ষতিকর।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের কয়েকটি স্কুলের সঙ্গে সমন্বয় করে এই পরীক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা হয়। কিছু শিক্ষার্থী অন্যের ব্যবহৃত ভ্যাপ অথবা নিকোটিনযুক্ত বলে মনে করা ডিভাইস ব্যবহারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়ার পর পুলিশ এ উদ্যোগ নেয়।
পুলিশের ব্যবহৃত বিশেষ যন্ত্রটি ভ্যাপ থেকে নির্গত বাষ্প সংগ্রহ করে তাতে টিএইচসি ও স্পাইসের মতো মাদক রয়েছে কি না, তা পরীক্ষা করে। কয়েক মিনিটের মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যায়। মেট পুলিশের দাবি, যুক্তরাজ্যে বর্তমানে এ ধরনের একমাত্র পরীক্ষাব্যবস্থা তারাই ব্যবহার করছে।
বাথ বিশ্ববিদ্যালয়ের আগের এক গবেষণাতেও একই ধরনের উদ্বেগজনক তথ্য উঠে এসেছিল। ওই গবেষণায় দেখা যায়, ইংল্যান্ডের মাধ্যমিক স্কুলগুলো থেকে জব্দ করা ভ্যাপের সর্বোচ্চ এক-চতুর্থাংশে স্পাইস থাকতে পারে।
বেন রাসেল বলেন, শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম, বন্ধু, বড় ভাইবোন কিংবা স্কুলের খেলার মাঠ থেকে ভ্যাপ সংগ্রহ করছে। ফলে তারা আসলে শরীরে কী গ্রহণ করছে, তা জানার সুযোগ থাকে না। কেউ কেউ ব্যবহারকারীদের নেশার অনুভূতি দেওয়ার উদ্দেশ্যে মাদক মিশিয়ে ভ্যাপ তৈরি করতে পারে। কিন্তু সেগুলো যে শিশুদের হাতে পৌঁছে যাচ্ছে, তা হয়তো তাদের বিবেচনায় থাকে না।
মেট পুলিশ জানিয়েছে, ভ্যাপ ব্যবহারের কারণে শিশুদের অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং যারা বিপজ্জনক মাদকমিশ্রিত ভ্যাপ তৈরি ও সরবরাহ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনাই প্রধান লক্ষ্য।
এদিকে, গত এক বছরে শিশুদের জড়িত রেখে মাদক বা অন্য কোনো উপাদান মিশিয়ে ক্ষতি করার অভিযোগে পুলিশের কাছে প্রায় ২০০টি প্রতিবেদন এসেছে। তবে এই সংখ্যা শুধু ভ্যাপ-সংক্রান্ত নয়; সব ধরনের স্পাইকিং ঘটনার অভিযোগ এতে অন্তর্ভুক্ত রয়েছে।
লন্ডনের একটি স্কুলের প্রধান শিক্ষক মিরিয়াম ম্যান্ডারসন বলেন, শিক্ষার্থীদের সম্ভাব্য ক্ষতিকর কোনো ঘটনা দেখলে বা জানতে পারলে তা জানানোর জন্য উৎসাহিত করা হয়। স্কুলে ‘কল ইট আউট’ নামে একটি উদ্যোগ রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা গোপনীয়তা বজায় রেখে বিশ্বস্ত কোনো শিক্ষকের কাছে উদ্বেগের কথা জানাতে পারে।
তার মতে, শুধু শাস্তি দেওয়ার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। শিক্ষার্থীদের মাদকের ক্ষতি, ঝুঁকি এবং বিকল্প সম্পর্কে যথাযথ শিক্ষা দিতে হবে। স্কুলের সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সু রকেলও বলেন, শিক্ষার্থীরা যেন বিচার বা অপমানের ভয় ছাড়াই শিক্ষকদের কাছে সাহায্য চাইতে পারে, তা নিশ্চিত করা জরুরি।
চলতি বছরের এপ্রিলে কিংস্টনের একটি কলেজে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ভ্যাপ ব্যবহারের পর অচেতন হয়ে পড়লে পুলিশকে ডাকা হয়। ওই ভ্যাপে মাদক মেশানো হয়েছিল বলে সন্দেহ করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাঁজা, একটি ভ্যাপ ডিভাইস এবং ‘পিচসিল্ক, ৫০০০ মিলিগ্রাম টিএইচসি’ লেখা গোলাপি তরলভর্তি একটি বোতল জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় দুটি ভ্যাপজাত পণ্যে টিএইচসির উপস্থিতি নিশ্চিত হয়। ব্রিটিশ আইনে টিএইচসি ‘ক্লাস বি’ নিয়ন্ত্রিত মাদক।
মেট পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে মাদক মিশিয়ে ক্ষতি করার অপরাধে তদন্তের ইতিবাচক ফলাফল ৩৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে গ্রেপ্তার ও অভিযোগ গঠনের ঘটনাও রয়েছে। একই সময়ে এ ধরনের ঘটনা সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ জানানোর হারও বেড়েছে।
বেন রাসেল বলেন, অভিযোগ বাড়ায় পুলিশ এখন ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অপরাধ তদন্তের সুযোগ পাচ্ছে। কেউ মাদক মিশিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সন্দেহ করলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তার মতে, অপরাধের প্রমাণ সংগ্রহ এবং দায়ীদের শনাক্ত করার ক্ষেত্রে প্রথম ১২ থেকে ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রঃ বিবিসি
এমকে

