বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নির্দিষ্ট কিছু শর্তে মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে। এ ক্ষেত্রে তাদের নিরাপত্তা, স্বেচ্ছায় ফিরে যাওয়ার অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার কথা উল্লেখ করেছে জান্তা সরকার।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিষয়ে নেপিদোর পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় এই বিবৃতি দেওয়া হয়। আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকার।
তবে বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ না করে ‘বাঙালি’ শব্দ ব্যবহার অব্যাহত রেখেছে জান্তা সরকার। বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
মিয়ানমার সরকারের এই ঘোষণায় প্রত্যাবাসনের বিষয়ে প্রস্তুতির কথা বলা হলেও কবে নাগাদ প্রক্রিয়া শুরু হবে, কতজনকে ফিরিয়ে নেওয়া হবে কিংবা প্রত্যাবাসনের শর্তগুলো কী—তা স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে তাদের বড় একটি অংশ কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছে। নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন এখনো বাস্তবায়িত হয়নি।
সূত্রঃ রয়টার্স
এমকে

