18.9 C
London
October 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সারের ডিলারশিপ এমপির স্বজনদের, বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও নেবেনঃ হাসনাত আবদুল্লাহ

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা পাওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সরকার বিধবা কার্ড চালু করলে দেখা যেতে পারে, সংসদ সদস্যের স্ত্রীও সেই কার্ড নেবেন। একইভাবে বেকার কার্ড চালু হলেও প্রভাবশালীরাই আগে সুবিধা পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে ডিলার নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে, সেখানে সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন বলে দেখা গেছে। এ উদাহরণ টেনে তিনি বলেন, সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীও সেই কার্ড নেবেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে হাসনাত বলেন, বাংলাদেশের সার্বিক অবস্থাটা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে বেকার কার্ড চালু হলেও হয়তো প্রভাবশালীরাই আগে তা পাবেন।

এ ধরনের মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিচু মানসিকতা ত্যাগ করে জেন-জি প্রজন্মকে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিতে হবে। এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অন্যরা।

সূত্রঃ দৈনিক যুগান্তর

এমকে

আরো পড়ুন

সৌদিতে বাংলাদেশি শ্রমিক: প্রতারিত, নির্যাতিত হয়ে খালি হাতে দেশে ফেরার গল্প

হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, না হলে মানুষ শান্তিতে থাকবে নাঃ ইউনূস

ভারতে হাসিনা থাকতে পারলে মোস্তাফিজ নিয়ে সমস্যা কেনঃ রশিদ লতিফ