ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনা করছে কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের ঘটনায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা পেতে সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট যাত্রীদের নতুন নির্দেশনা ও সংশোধিত সময়সূচি সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী যাত্রার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে ফ্লাইট দুটি স্থগিতের নির্দিষ্ট কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি পর্যালোচনা শেষে রোববার বিমান কর্তৃপক্ষের ঘোষণার ওপরই যাত্রীদের পরবর্তী করণীয় নির্ভর করছে।
সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তি
এমকে

