ভারতীয়দের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ইসরায়েলি-আমেরিকান রাবি ইয়োসেফ মিজরাচি। তার মন্তব্য ঘিরে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ধর্মীয় বক্তব্যে রাবি ইয়োসেফ মিজরাচি হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও গরুকে ঘিরে প্রচলিত বিভিন্ন আচার নিয়ে কটাক্ষ করেন।
বক্তব্যে তাকে বলতে শোনা যায়, হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়, গরুর সামনে মাথা নত করে, এমনকি গরুকে ঘরের ভেতর নিয়ে আসে। তিনি আরও দাবি করেন, কেউ কেউ ফার্মেসি থেকে গোমূত্র কেনেন এবং তাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেন ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শাওয়েশ। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়, ‘বর্ণবাদ মানবতার জন্য হুমকি’।
ভিডিওটি শেয়ার করে আবু শাওয়েশ লেখেন, কোনো ধর্ম বা বিশ্বাসের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে উপহাস করা কিংবা ধর্মীয় ঐতিহ্যকে অপমান করা শুধু অসহিষ্ণুতার বিস্তার নয়; এটি মানবতার অভিন্ন ভিত্তির জন্যও হুমকি।
রাবির বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা ও বর্ণবাদ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্রঃ এনডিটিভি
এমকে

