যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক ফুটবল ম্যানেজার হ্যারি রেডন্যাপ। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অবৈধ অভিবাসীদের কারণে দেশ “অতিরিক্ত চাপে” পড়েছে এবং তার বসবাসের শহর বোর্নমাউথের চেহারাও আগের মতো নেই।
রেডন্যাপ বলেন, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছেন, তাদের অনেকেরই নিজ দেশে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, তারা যুক্তরাজ্যকে সুযোগ-সুবিধা ও সমৃদ্ধির দেশ হিসেবে দেখে এবং সেজন্যই এখানে আসছে।
তিনি আরও বলেন, “আমরা সবকিছু মেনে নিচ্ছি, আর দেশটি অভিবাসীতে ভরে যাচ্ছে। আমি বোর্নমাউথে থাকি। শহরের কেন্দ্রের চেহারা পুরোপুরি বদলে গেছে। কয়েক সপ্তাহ আগে আমার কিছু বন্ধু এখানে এসেছিল। তারা বলেছিল, তাদের মনে হয়েছে যেন আমরা কোনো তৃতীয় বিশ্বের দেশে আছি।”
রেডন্যাপের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করলেও, অন্যরা এটিকে অতিরঞ্জিত ও বিভেদ সৃষ্টিকারী মন্তব্য বলে সমালোচনা করেন।
যুক্তরাজ্যে অভিবাসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি ইস্যু। বিশেষ করে অবৈধভাবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর বিষয়টি নিয়ে সরকার, বিরোধী দল এবং বিভিন্ন মহলে তীব্র বিতর্ক চলছে।
এই প্রেক্ষাপটে হ্যারি রেডন্যাপের মন্তব্য নতুন করে অভিবাসন ইস্যুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তবে তার বক্তব্য ব্যক্তিগত মতামত, যা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
সূত্রঃ জিবি নিউজ
এম.কে

