24.5 C
London
August 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসন সংকট নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশ্নের মুখেঃ জিবি নিউজের বিতর্কে তোপের মুখে বার্নহ্যাম

যুক্তরাজ্যের অভিবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিবাসন নীতি নিয়ে ব্যক্তিগতভাবে স্পষ্ট অবস্থান না নেওয়া এবং বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ওপর ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে তাকে তীব্র সমালোচনা করেছে জিবি নিউজ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সোমবার জিবি নিউজের এক আলোচনায় উপ-রাজনৈতিক সম্পাদক টম হারউড বলেন, প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিনই নতুন নতুন নীতিগত ঘোষণা দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত অভিবাসন নিয়ে নিজের পরিকল্পনা স্পষ্ট করেননি।

তিনি মন্তব্য করেন, অ্যান্ডি বার্নহ্যাম যেন ইচ্ছাকৃতভাবেই অভিবাসন ইস্যু এড়িয়ে যাচ্ছেন। তার দাবি, প্রধানমন্ত্রী কার্যত অভিবাসন ও আশ্রয়নীতি পরিচালনার দায়িত্ব পুরোপুরি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ওপর ছেড়ে দিয়েছেন।

 

হারউড বলেন, যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি অভিবাসন এখন জনসাধারণের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই প্রধানমন্ত্রী যদি শুধু জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলেন, কিন্তু অভিবাসন নিয়ে নিজে কোনো সুস্পষ্ট বক্তব্য না দেন, তাহলে সেটি অস্বাভাবিক বলেই মনে হয়।

অনুষ্ঠানের উপস্থাপক মার্ক হোয়াইটও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে অভিবাসন নীতির দায়িত্ব অন্য কারও ওপর চাপিয়ে দেওয়া যায় না। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারপ্রধানকেই জনগণের কাছে জবাবদিহি করতে হয়।

অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, অভিবাসন ও আশ্রয়নীতি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে নিজেই স্পষ্ট অবস্থান জানাতে হবে। কারও কারও অভিযোগ, সরকার এই ইস্যুতে প্রকৃত সমাধানের পরিবর্তে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে।

 

তবে এসব সমালোচনার জবাব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে অ্যান্ডি বার্নহ্যামের অগ্রাধিকার ছিল জীবনযাত্রার ব্যয় সংকটে থাকা পরিবারগুলোর জন্য দ্রুত স্বস্তির ব্যবস্থা করা।

মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই স্পষ্ট করেছেন যে অভিবাসন জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কারণেই তিনি শাবানা মাহমুদকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে অভিবাসন ব্যবস্থায় ন্যায্যতা ফিরিয়ে আনা এবং অভিবাসন নিয়ন্ত্রণে আনার জন্য চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

সরকারের দাবি, অভিবাসন নীতি নিয়ে কাজ অব্যাহত রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে সমালোচকদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্ব ও অবস্থান জনগণের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থায় ডেনমার্ক মডেলঃ বড় পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে বোমা হামলার সম্ভাবনা, জারি হয়েছে বোম এলার্ট

ব্রেক্সিট-পরবর্তী ইইউ নাগরিকদের বসবাসের অধিকার নিয়ে কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার