TV3 BANGLA
বাংলাদেশ

আসিফ নজরুলের ছাগল নিয়ে বিস্ফোরক মন্তব্য, ‘দুইটাই খাওয়া উচিত ছিল’: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুলের যে দুটি ছাগলের মধ্যে একটি খাওয়া হয়েছিল, তার মতে দুটিই খাওয়া উচিত ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

পাটওয়ারী বলেন, আসিফ নজরুলের একটি ছাগল খাওয়া হয়েছিল, অথচ তার মতে দুটি ছাগলই খাওয়া উচিত ছিল। একটি বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধিক্কারও জানান তিনি। একইসঙ্গে আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুল গরু, ছাগল ও মুরগি পালন শুরু করেছিলেন। এসব প্রাণী যেখানে রাখা হতো, সেখানে পুলিশের নিরাপত্তাও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ছাগল খাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা সুযোগ পেলে আরেকটি ছাগলও খেতে পারেন বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি ওই ঘটনাকে তার জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে বর্ণনা করেন।

আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে তিনি একা থাকার কারণে সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। পরে ছাগলটির সঙ্গে তার মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়।

তার ভাষ্য অনুযায়ী, ছাগলটি প্রতিদিন মেয়ের স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত। স্কুল থেকে ফিরে মেয়েটি ছাগলটির সঙ্গে খেলাধুলা করত। এমনকি মেয়েটি নিজের ফোনের ওয়ালপেপারে মায়ের ছবির পরিবর্তে ছাগলটির গলা জড়িয়ে ধরে থাকা ছবি ব্যবহার করত।

আসিফ নজরুল বলেন, ছাগলটি চুরি হওয়ার পর তার মেয়ে প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বমি করে এবং টানা দেড় দিন কোনো খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

ছাগল চুরির ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও মূলত মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান আসিফ নজরুল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি অত্যন্ত নির্মম ও অমানবিক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ছাত্রনেতাদের রাজনৈতিক শত্রুতা বা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করে খাওয়ার বিষয়টি সঠিক নয়।

২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা থাকাকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল উধাও হওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছিল।

সূত্রঃ দৈনিক যুগান্তর

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলল চীন

ঢাকায় হবে জাতিসংঘ মানবাধিকারের কার্যালয়ঃ উপদেষ্টা শারমিন

লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান