ইসরায়েলি ওষুধ কোম্পানি তেভা ইউকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ব্রিটেনের রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)। ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে কোম্পানিটির সম্পর্ক এবং এর করপোরেট কর্মকাণ্ড নিয়ে আইনি নিষেধাজ্ঞা ও জনসমালোচনার বিষয় সামনে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ২ অক্টোবরের এক প্রতিবেদনে জানিয়েছে, আরসিএন তেভা ইউকে-কে তাদের বাণিজ্যিক অংশীদার ও একটি আসন্ন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক—দুই ভূমিকাতেই সরিয়ে দিয়েছে। ৩০ অক্টোবর লন্ডনে আরসিএনের সদর দপ্তরে অনুষ্ঠেয় মাইগ্রেন ও মাথাব্যথা বিষয়ক একটি অনুষ্ঠানে তেভা ইউকের পৃষ্ঠপোষকতার কথা ছিল।
ব্রিটেনে পাঁচ লাখের বেশি নার্সের প্রতিনিধিত্ব করে রয়্যাল কলেজ অব নার্সিং। তেভা ইউকে হলো আন্তর্জাতিক ওষুধ কোম্পানি তেভা ফার্মাসিউটিক্যালসের ব্রিটিশ শাখা। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম বড় ওষুধ সরবরাহকারী।
ফিলিস্তিনপন্থী সংগঠন নার্সেস ফর প্যালেস্টাইন এবং ইউকে হেলথকেয়ার পিটিশনস টু রয়্যাল কলেজেসসহ বিভিন্ন প্রচারগোষ্ঠীর চাপের পর আরসিএন এই সিদ্ধান্ত নেয়। নার্সেস ফর প্যালেস্টাইন সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে বলেছে, চিকিৎসা, সেবা ও মানুষের জীবন রক্ষায় নিয়োজিত পেশাজীবী সংগঠনের অনুষ্ঠানে তেভার পৃষ্ঠপোষকতা থাকা উচিত নয়।
আরসিএনের পরিচালনা পর্ষদের চেয়ার কারমেল ও’বয়েল নার্সেস ফর প্যালেস্টাইনকে দেওয়া এক চিঠিতে জানান, ভবিষ্যতে আরসিএন তেভা ইউকের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব রাখবে না। তিনি বলেন, অতিরিক্ত যাচাই-বাছাইয়ে তেভা ফার্মাসিউটিক্যালসের কিছু কার্যক্রমের বিষয়ে আইনি নিষেধাজ্ঞা ও জনসমালোচনার তথ্য পাওয়া গেছে, যা আরসিএন এবং এর প্রকাশনা ও শিক্ষা শাখার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরসিএনের পক্ষ থেকে বলা হয়েছে, নার্সিং পেশার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ।
তবে আরসিএনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে তেভা। কোম্পানিটির এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যে ওষুধের অন্যতম বড় সরবরাহকারী হিসেবে তারা দীর্ঘদিন ধরে আরসিএনের সঙ্গে অংশীদারিত্বকে মূল্য দিয়েছে। স্বাস্থ্যসেবা রোগীকেন্দ্রিক থাকা উচিত এবং এটিকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তেভা আরও জানিয়েছে, তারা আরসিএনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায়।
এদিকে তেভার সঙ্গে আরসিএনের সম্পর্ক ছিন্নের পর ফিলিস্তিনপন্থী প্রচারগোষ্ঠীগুলো রয়্যাল কলেজ অব ফার্মেসিকেও তেভা ইউকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য ওই সংগঠনের বার্ষিক সম্মেলনে তেভার পৃষ্ঠপোষকতা ও প্রদর্শনী স্টল বাতিলের দাবি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে ঘুষ, মূল্য নির্ধারণে কারসাজি এবং বাজারে প্রভাবের অপব্যবহারের অভিযোগে ইউরোপীয় কমিশন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তেভাকে প্রায় ১০০ কোটি পাউন্ড জরিমানা ও অন্যান্য অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে।
২০২৪ সালে ইউরোপীয় কমিশন তেভাকে ৪৬ কোটি ২৬ লাখ ইউরো জরিমানা করে। এর আগে ২০২৩ সালে তিনটি ওষুধের দাম নির্ধারণে কারসাজির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ২২ কোটি ৫০ লাখ ডলারের জরিমানার সমঝোতা করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে রাশিয়া, ইউক্রেন ও মেক্সিকোয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ৫১ কোটি ৯০ লাখ ডলারের নিষ্পত্তি চুক্তি করেছিল তেভা।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

