TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এয়ারবিএনবির নতুন নিয়ম কার্যকরঃ অতিথিদের ঘর পরিষ্কারের কাজ চাপিয়ে দিতে পারবেন না মালিক

বিশ্বজুড়ে জনপ্রিয় আবাসন ভাড়া দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে অতিথিদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে বাড়ির মালিক বা আয়োজকরা অতিথিদের সাধারণভাবে বাসন ধোয়া, বিছানার চাদর খুলে রাখা কিংবা ঘরের আবর্জনা বাইরে নিয়ে যাওয়ার মতো কাজ করতে বলতে পারবেন না। অতিথিদের ওপর অতিরিক্ত গৃহস্থালি কাজের চাপ কমাতেই এই পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বাড়ির মালিকরা নির্দিষ্ট সাতটি সাধারণ গৃহস্থালি নিয়ম বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে রাতে কতজন অতিথি থাকতে পারবেন, পোষা প্রাণী রাখা যাবে কি না এবং ধূমপান নিষিদ্ধ কি না—এসব বিষয় নির্ধারণ করা।

এর বাইরে বাড়ির মালিকরা অতিরিক্ত কিছু নিয়মও যুক্ত করতে পারবেন। তবে অতিথিদের বাসন ধুয়ে যথাস্থানে রাখতে, বিছানা থেকে চাদর খুলতে, কাপড় ধোয়ার যন্ত্র চালু করতে, বাড়ির আবর্জনা বাইরে নিয়ে যেতে কিংবা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মতো নির্ধারিত সুযোগ-সুবিধা ব্যবহার না করতে বাধ্য করা যাবে না।

তবে অতিথিদের কিছু ছোটখাটো কাজ করতে বলা যাবে। যেমন ব্যবহৃত বাসন সিঙ্কে রেখে দেওয়া, ব্যবহৃত তোয়ালে এক জায়গায় জড়ো করা এবং নির্ধারিত পাত্রে আবর্জনা ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে রাখা।

এয়ারবিএনবি জানিয়েছে, তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসনের তালিকা পর্যালোচনা শুরু করেছে। যেসব বাড়ির মালিককে নিয়ম পরিবর্তন করতে হবে, তাদের ইমেইল পাঠানো হচ্ছে। কোনো বাড়ির মালিক মনে করলে বিশেষ কারণে অতিরিক্ত কোনো নিয়ম প্রয়োজন, তাহলে তিনি এয়ারবিএনবির কাছে আবেদন করে সেটির অনুমোদন চাইতে পারবেন।

কোনো নিয়ম অনুমোদন না পেলেও বাড়ির মালিক সেটি বহাল রাখলে অতিথিদের সতর্ক করার ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট আবাসনের তালিকায় ‘পরিচ্ছন্নতার কাজ অন্তর্ভুক্ত রয়েছে’—এ ধরনের বার্তা দেখানো হবে।

এয়ারবিএনবির দাবি, অতিরিক্ত গৃহস্থালি কাজের তালিকা অনেক অতিথিকে বিরক্ত করে এবং বুকিং দেওয়ার আগ্রহ কমিয়ে দেয়। নতুন নিয়মের ফলে আবাসন ভাড়া নেওয়ার প্রক্রিয়া সহজ হবে এবং গ্রাহকের সংখ্যা বাড়বে।

তবে নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অনেক বাড়ির মালিক। তাদের আশঙ্কা, অতিথিরা ঘর অপরিচ্ছন্ন রেখে চলে গেলে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করতে হবে। এতে পরিচালন ব্যয় বাড়বে এবং শেষ পর্যন্ত সেই খরচ অতিথিদের কাছ থেকেই আদায় করতে হতে পারে।

ওয়েলসে অবকাশযাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়া লিসা ক্লিউস বিবিসিকে জানান, একবার তার বাড়িতে একদল অতিথি নৈশভোজের আয়োজন করে যাওয়ার পর ঘরটির ভয়াবহ অবস্থা হয়েছিল। ভাঙা গ্লাস, মেঝেতে পানীয়ের ক্যান, খাবারভর্তি হাঁড়ি-পাতিল এবং বাগানে মাছের বর্জ্য পড়ে ছিল।

তার তিন শয়নকক্ষের বাড়িটি পরবর্তী অতিথিদের জন্য প্রস্তুত করতে পরিচ্ছন্নতাকর্মীদের সাধারণত চার ঘণ্টা সময় লাগে। অতিথিরা আরও বেশি ময়লা রেখে গেলে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে বলে আশঙ্কা করছেন তিনি। এতে বাড়তি খরচ শেষ পর্যন্ত গ্রাহকদের ওপর চাপতে পারে।

এডিনবরাভিত্তিক অবকাশকালীন বাড়ির মালিক ফিওনা ভেন্টারও নতুন নিয়মের সমালোচনা করেছেন। তিনি বলেন, অতিথিরা যদি আবর্জনা সরিয়ে নিতে রাজি না হন, তাহলে তিনি তাদের বুকিং গ্রহণ করবেন না।

একবার তার একটি বাড়িতে অতিথিরা ছয় ব্যাগ আবর্জনা ফেলে যাওয়ার পর ইঁদুরের উপদ্রব হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাড়ির নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, অতিথিদের জন্য নতুন নিয়মকে স্বস্তিদায়ক মনে করছেন অনেকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের ১১ সদস্যের জন্য এয়ারবিএনবির একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন জেসিকা নিউহুক। তার অভিযোগ, ২৫০ ডলার পরিচ্ছন্নতার ফি দেওয়ার পরও বাড়িটি প্রায় নতুনের মতো পরিষ্কার করে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, প্রতিটি কাজের জন্য আলাদা নিয়ম ছিল। ফলে অবকাশযাপনের সময়ও স্বস্তি পাওয়া যায়নি।

এদিকে, গত বছর এয়ারবিএনবির কমিশনের হার বাড়ানোর পর থেকেই অনেক বাড়ির মালিক অসন্তুষ্ট। তাদের কেউ কেউ এখন প্ল্যাটফর্মের কমিশন এড়াতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি গ্রাহকদের কাছ থেকে বুকিং নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

তবে সব বাড়ির মালিক নতুন নিয়মের বিরোধিতা করছেন না। কেউ কেউ মনে করছেন, এয়ারবিএনবির অতিথি ও বাড়ির মালিকদের মূল্যায়নব্যবস্থা উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে পারে।

সূত্রঃ বিবিসি নিউজ

এমকে

আরো পড়ুন

প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সার

পূর্ব লন্ডনে বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নে ফেরার দাবিতে লন্ডনে বিক্ষোভ