TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ব্রিটেনঃ ১ লাখ সাবেক সেনাসদস্যকে জরুরি চিঠি পাঠাল মন্ত্রণালয়

ব্রিটেনে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে সরকার। এর অংশ হিসেবে দেশটির প্রায় ১ লাখ সাবেক সেনাসদস্যকে জরুরি চিঠি পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। চিঠিতে তাদের বর্তমান যোগাযোগের ঠিকানা, কর্মসংস্থান এবং পেশাগত দক্ষতা সম্পর্কে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্স থেকে সম্প্রতি অবসর নেওয়া সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতে তাদের আবারও সামরিক দায়িত্বে ফিরিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। তারা ব্রিটেনের ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’-এর অন্তর্ভুক্ত।

শীতল যুদ্ধের পর এই প্রথমবারের মতো এত বড় পরিসরে সাবেক সেনাসদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই চিঠি পাঠানোর অর্থ এই নয় যে সাবেক সেনাদের এখনই যুদ্ধে পাঠানো হচ্ছে কিংবা তাদের সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বরং জরুরি পরিস্থিতিতে কাদের ডাকা সম্ভব, তারা কোথায় অবস্থান করছেন এবং বর্তমানে তাদের কী ধরনের দক্ষতা রয়েছে, তা জানতে চায় সরকার।

ব্রিটিশ সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সামরিক বাহিনী ছেড়ে যাওয়ার পর অনেকের পেশাগত দক্ষতায় পরিবর্তন এসেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আগে কেউ সেনাবাহিনীতে ট্যাংক চালক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে বেসামরিক জীবনে তার অর্জিত দক্ষতা দেশের প্রতিরক্ষায় আরও বেশি কাজে লাগতে পারে।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যাদের ডাকার সুযোগ রয়েছে, তাদের পরিচয়, অবস্থান ও দক্ষতা সম্পর্কে হালনাগাদ তথ্য রাখা গুরুত্বপূর্ণ।

ব্রিটেনের ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি বলেন, দেশের শক্তি শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামরিক সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাও এর বড় অংশ।

তিনি বলেন, ‘আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভের প্রত্যেক সদস্যই দেশের প্রতিরক্ষা সক্ষমতার অংশ।’

মন্ত্রী আরও জানান, এই চিঠির অর্থ এই নয় যে রিজার্ভ সদস্যদের এখনই সামরিক দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে। যারা প্রয়োজনে দায়িত্ব পালনের যোগ্য, তাদের সঙ্গে যোগাযোগের তথ্য এবং অভিজ্ঞতা হালনাগাদ রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য।

এদিকে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে পূর্ব পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে মাত্র ৬০ মাইল দূরে যুক্তরাজ্যের নেতৃত্বে একটি সামরিক প্রশিক্ষণ মহড়া চলছিল। হামলার দিনই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী এবং বিমানবাহিনীর প্রধান সেখানে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ব্রিটেন, পোল্যান্ড ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে উল্লেখ করেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। পোল্যান্ডকে যেকোনোভাবে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যসংখ্যা নিয়েও উদ্বেগ রয়েছে। বর্তমানে দেশটির নিয়মিত সেনাবাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৭৩ হাজারে নেমে এসেছে, যা নেপোলিয়নের যুদ্ধের পর সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি টেলিগ্রাফের প্রথম প্রকাশিত তথ্য অনুযায়ী, ন্যাটোর সদস্য হিসেবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং জরুরি পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি নিশ্চিত করতে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার।

ন্যাটোর চুক্তির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি সদস্যরাষ্ট্রকে সম্ভাব্য সশস্ত্র হামলা প্রতিরোধে নিজস্ব ও সম্মিলিত সক্ষমতা বজায় রাখা এবং উন্নত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস \ ডেইলি টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের গয়না-সম্পদ জব্দের পরিকল্পনায় যুক্তরাজ্যে তীব্র সমালোচনা

যুক্তরাজ্যের বীমা বাজারে জালিয়াতি, আসছে নতুন ক্র‍্যাকডাউন

৩ পাউন্ডে মুরগি কেনার দিন শেষ: ব্রিটিশ পোলট্রি মালিক

অনলাইন ডেস্ক