TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাংলাদেশসহ ৭ দেশের শরণার্থীদের জন্য নতুন তিনটি ভিসা পথ চালু করছে ব্রিটেন

ব্রিটেনে শরণার্থীদের বৈধভাবে প্রবেশ ও বসবাসের সুযোগ দিতে নতুন তিনটি স্পনসরশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত ২৯ অক্টোবর ২০২৬ থেকে এসব কর্মসূচির আওতায় প্রধান স্পনসর হিসেবে স্বীকৃতি পেতে দাতব্য সংস্থা ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর (হোম অফিস) জানিয়েছে, নতুন এই উদ্যোগের আওতায় শরণার্থীদের জন্য তিনটি পৃথক পথ রাখা হয়েছে। এগুলো হলো—কমিউনিটি স্পনসরশিপ, শরণার্থী শিক্ষার্থী রুট এবং শরণার্থী কর্মসংস্থান রুট।

কমিউনিটি স্পনসরশিপ কর্মসূচিতে বিভিন্ন কমিউনিটি গ্রুপ যোগ্য শরণার্থীদের শনাক্ত করে তাদের ব্রিটেনে আসার জন্য স্পনসর করতে পারবে। শরণার্থী শিক্ষার্থী রুটে বিশ্ববিদ্যালয়গুলো যোগ্য শরণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্পনসর করার সুযোগ পাবে। অন্যদিকে, শরণার্থী কর্মসংস্থান রুটের আওতায় নিয়োগকর্তারা যোগ্য শরণার্থীদের চাকরির জন্য স্পনসর করতে পারবেন। তবে এই কর্মসংস্থান রুটে আবেদন গ্রহণ ২০২৭ সালের বসন্তে শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, উগান্ডা ও কেনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব দেশের নাগরিক হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে এই সুযোগ পাবেন না। নিজ দেশ ছেড়ে অন্য দেশে অবস্থানরত এবং নির্দিষ্ট শরণার্থী সুরক্ষার শর্ত পূরণকারীরাই এ কর্মসূচির আওতায় বিবেচিত হবেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণভাবে আবেদনকারীদের ২০২৬ সালের ১ অক্টোবরের আগে অংশগ্রহণকারী কোনো দেশে উপস্থিত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত থাকতে হবে।

অনুমোদিত স্পনসররা শরণার্থীদের আবাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং ব্রিটেনে স্থায়ীভাবে জীবন গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে। কমিউনিটি স্পনসরশিপ ও শিক্ষার্থী রুটের আওতায় প্রথম শরণার্থীদের ব্রিটেনে আসা শুরু হতে পারে ২০২৭ সালের শরৎকালে।

ব্রিটিশ সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন কর্মসূচি এবং বিদ্যমান যুক্তরাজ্য পুনর্বাসন প্রকল্প মিলিয়ে শুরুতে কয়েক শ শরণার্থীকে ব্রিটেনে আনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে এই সংখ্যা কয়েক হাজারের নিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে।

তবে আপাতত ব্যক্তিগতভাবে শরণার্থীদের ভিসার আবেদন করার সুযোগ চালু হয়নি। বর্তমানে শুধু যেসব দাতব্য ও অলাভজনক সংস্থা প্রধান স্পনসর হিসেবে স্বীকৃতি পেতে চায়, তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে।

সূত্রঃ ইউকে.গভ

এমকে

আরো পড়ুন

ভ্যাকসিন নেওয়া ব্যক্তির মাধ্যমেও করোনা ছড়াতে পারে: ব্রিটিশ চিকিৎসাবিদ

হোম অফিসের কর্মকর্তার বিরুদ্ধে এসাইলাম কেইসে ঘুষ দাবির অভিযোগ

রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”: সুয়েলা ব্র্যাভারম্যান