TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি বাড়াতে ‘সিলেট টি’ ব্র্যান্ড চালু

বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘সিলেট টি’ নামে নতুন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। আগামী বছর প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের চা বিশ্বের অন্তত ৪০টি দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তার স্বামী দুয়ার্তে মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের কর্মকর্তাসহ বাংলাদেশের চা শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, বর্তমানে বাংলাদেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে লন্ডন টি এক্সচেঞ্জ। এসব বাগানের চা আন্তর্জাতিক বাজারে নতুন পরিচয়ে তুলে ধরার পাশাপাশি উৎপাদনকারী ও চা-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়টি এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান বলেন, বিশ্বের বড় বড় শহরের হোটেলগুলোতে দার্জিলিং, আসাম কিংবা সিলনের চা পাওয়া গেলেও বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের চা তেমন পরিচিত নয়। বাংলাদেশের চা আন্তর্জাতিক বাজারে কেন প্রত্যাশিত পরিচিতি পায়নি, সেই প্রশ্ন থেকেই ‘সিলেট টি’ ব্র্যান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের চায়ের নিজস্ব ঐতিহ্য ও গুণগত মান রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিংয়ের অভাবে দেশের চা শিল্প তার সম্ভাবনার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারছে না। নতুন ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের চাকে বিশ্বব্যাপী পরিচিত করার পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বাংলাদেশের চায়ের সঙ্গে পর্তুগিজদের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার পূর্বপুরুষদের সঙ্গে ইংল্যান্ডে চা নিয়ে যাওয়ার ইতিহাস জড়িত। সে কারণে বাংলাদেশের চায়ের ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই উদ্যোগ তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

রাজকন্যা আশা প্রকাশ করেন, লন্ডন টি এক্সচেঞ্জের এই উদ্যোগ বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের চা শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা বিশ্ববাজারে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি করবে।

বাংলাদেশ ও পর্তুগালের সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। দুই দেশের মধ্যে ব্যবসা, সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরের কাছ থেকে শেখার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমান, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আব্দুল মোহাম্মদ সেলিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি এবং সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

‘সিলেট টি’ ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের চা আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি পাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। ৪০টি দেশে বাজার সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের চা রপ্তানি, শিল্পের প্রসার এবং চা-শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা, বিপণন কৌশল ও সরবরাহ ব্যবস্থার কার্যকারিতার ওপর।

সূত্রঃ প্রথম আলো

এমকে

আরো পড়ুন

বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছিঃ এরদোয়ান

বিদেশি মিশন থেকে চার এনএসআই কর্মকর্তার পালানোর অভিযোগঃ দুজন বহিষ্কার

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে মুসলিম শিক্ষককে মাথায় গুলি করে হত্যা