ব্রিটেনের সুইন্ডন শহরে মাত্র ১ পাউন্ড থেকে দর হাঁকার সুযোগ রেখে একটি ছোট জমি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় অবস্থিত জমিটি শহরের কেন্দ্র, এম৪ মহাসড়কের ১৬ নম্বর জংশন এবং রেলস্টেশনের কাছাকাছি হওয়ায় সম্ভাব্য ক্রেতাদের আগ্রহ তৈরি হতে পারে। তবে জমিটিতে কোনো ধরনের নির্মাণ বা উন্নয়নকাজ করতে হলে প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।
ব্রিটিশ স্থানীয় সংবাদমাধ্যম সুইন্ডন অ্যাডভার্টাইজার-এর ৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জমিটি সুইন্ডনের উটন বাসেট রোডের পেছনে একটি সরু গলির শেষ প্রান্তে অবস্থিত। জমিটির নিলাম ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং প্রাথমিক দর নির্ধারণ করা হয়েছিল মাত্র ১ পাউন্ড।
জমি বিক্রির বিজ্ঞাপনে এটিকে বিভিন্ন ধরনের ব্যবহার ও উন্নয়নকাজের সম্ভাবনাময় জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে। অনলাইন সম্পত্তি বিক্রির ওয়েবসাইট রাইটমুভে প্রকাশিত বিবরণে জমিটিতে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার কেন্দ্র অথবা পণ্য সংরক্ষণের জন্য কনটেইনার স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
তবে জমিটি আবাসিক বাড়িঘরের কাছাকাছি হওয়ায় সেখানে কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরিকল্পনা ও নির্মাণসংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য সম্ভাব্য ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
বিক্রেতার দেওয়া বিবরণে বলা হয়েছে, জমিটি ফ্রিহোল্ড সম্পত্তি। অর্থাৎ জমির মালিকানা স্থায়ীভাবে হস্তান্তরের জন্য বিক্রি করা হচ্ছে। তবে জমিটি কী কাজে ব্যবহার করা যাবে, তা নির্ভর করবে প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন ও অন্যান্য সম্মতির ওপর।
বিজ্ঞাপনে জমিটির সম্ভাব্য ব্যবহার বোঝাতে কম্পিউটারে তৈরি কিছু নমুনা ছবিও দেখানো হয়েছে। তবে এসব ছবি কেবল সম্ভাব্য প্রকল্পের ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এগুলোকে কোনো ধরনের নির্মাণ অনুমোদন বা অনুমোদিত প্রকল্পের প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না।
সূত্রঃ সুইন্ডন অ্যাডভার্টাইজার
এমকে

