যুক্তরাজ্যের বোল্টনে গৃহহীন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে বোল্টন সিভিক মেডেল পেতে যাচ্ছেন মানবসেবী বিল্লা আহমেদ। এটি বোল্টন এলাকার অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মাননা।
স্বেচ্ছাসেবী সংগঠন হোমলেস এইড ইউকের একটি নিবেদিতপ্রাণ দলের সঙ্গে কাজ করে আসছেন বিল্লা। তাদের সম্মিলিত উদ্যোগে প্রতি মাসে হাজারো অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে গরম খাবার, খাদ্যসামগ্রী, পোশাক এবং মানসিক সহায়তা। গৃহহীনতা, দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যে থাকা মানুষদের সহায়তা করাই তাদের মূল লক্ষ্য।
এই মানবিক কার্যক্রমের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এর মাধ্যমে বিভিন্ন ধর্ম ও সামাজিক-সাংস্কৃতিক পটভূমির মানুষ একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের উদ্যোগের মূল দর্শন।
ইলমফিডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল্লা আহমেদ বলেন, মানুষের সেবায় কাজ করার অনুপ্রেরণা তিনি পান তার ধর্ম ইসলাম থেকে। ইসলামে কাউকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে উল্লেখ করে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসের কথা তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়। এই শিক্ষায় প্রতিবেশী মুসলিম না অমুসলিম, এমন কোনো পার্থক্য করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিল্লা বলেন, তিনি যুক্তরাজ্যেই জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। দেশটির প্রতি এবং মানুষের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। ধর্ম, গায়ের রং কিংবা জাতিগত পরিচয় বিবেচনা না করে সবার পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।
তার ভাষায়, “আমার ধর্ম আমাকে এই কাজ করতে উৎসাহিত করে, তবে মানবিকতাও আমাকে অনুপ্রাণিত করে। আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং একে অপরের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে।”
বোল্টন এলাকার বাসিন্দাদের মনোনয়নের ভিত্তিতে সম্মাননার জন্য নির্বাচিত চারজনের একজন বিল্লা আহমেদ। আগামী ১০ ডিসেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে আসা বিল্লা আহমেদ ও তার স্বেচ্ছাসেবী সহকর্মীদের এই স্বীকৃতি স্থানীয় পর্যায়ে মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছে। তাদের কাজ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক সংহতির এক ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।
সূত্রঃ ইলমফিড
এমকে

