‘মিস্টার বিন’খ্যাত ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন প্রায় ৪০ বছর পর আবারও লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে কমেডি স্কেচ শো নিয়ে ফিরছেন। নতুন এই অনুষ্ঠানটিতে তার জনপ্রিয় কিছু চরিত্রের পাশাপাশি থাকবে নতুন কমেডি ও স্কেচ।
‘রোয়ান লাইভ’ নামে অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে মঞ্চস্থ হবে। এ সময় মোট ৩০টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অ্যাটকিনসন জানিয়েছেন, প্রায় ৪০ বছর পর ওয়েস্ট এন্ডে আবার কমেডি স্কেচ শো করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। নতুন অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কিছু জনপ্রিয় স্কেচ ও চরিত্র ফিরিয়ে আনার পাশাপাশি নতুন কিছু উপাদানও থাকবে।
নতুন অনুষ্ঠানটি দীর্ঘদিনের সহযোগী রিচার্ড কার্টিস, বেন এলটন ও হাওয়ার্ড গুডালের সঙ্গে তৈরি করা হচ্ছে। এতে অ্যাটকিনসনের পুরোনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি বিশেষভাবে তৈরি নতুন কমেডিও থাকছে।
রিচার্ড কার্টিস জানান, তিনি ১৯৭৬ সালে প্রথম মঞ্চে অ্যাটকিনসনের অভিনয় দেখেছিলেন। তার মতে, তখনই অ্যাটকিনসনের অভিনয়ে অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল। পাঁচ দশক পরও সেই প্রতিভা ও কৌতুক করার দক্ষতা একইভাবে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যাটকিনসন ১৯৭০-এর দশকের শেষ দিকে বিবিসির ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান। পরে ‘ব্ল্যাকঅ্যাডার’ ধারাবাহিক এবং ‘মিস্টার বিন’ চরিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।
‘রোয়ান লাইভ’ অনুষ্ঠানে অ্যাটকিনসনের বিখ্যাত চরিত্র ও পুরোনো স্কেচের পাশাপাশি নতুন পরিবেশনাও থাকবে। অনুষ্ঠানটির পরিচালনা করবেন রাজ শ এবং সংগীত পরিচালনা করবেন হাওয়ার্ড গুডাল।
ওয়েস্ট এন্ডে অ্যাটকিনসনের সর্বশেষ মঞ্চ উপস্থিতি ছিল ২০১৩ সালে, যখন তিনি সাইমন গ্রের পুরস্কারপ্রাপ্ত নাটক ‘কোয়ার্টারমেইনস টার্মস’-এর পুনঃমঞ্চায়নে অভিনয় করেছিলেন।
‘রোয়ান লাইভ’-এর সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ৭ অক্টোবর দুপুর ১২টায়। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট কেনার সুযোগ থাকবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছে প্লেফুল প্রোডাকশনস, পিবিজে ম্যানেজমেন্টের সহযোগিতায়।
সূত্রঃ লন্ডন নাও
এমকে

