যুক্তরাজ্যে ডিজেলের দাম দ্রুত বাড়তে থাকায় গাড়িচালকদের জন্য নতুন সতর্কতা জারি হয়েছে। দেশজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং সৌদি আরবের তেল সরবরাহে বিঘ্নের কারণে আগামী দিনগুলোতে ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ডিজেলের গড় দাম বর্তমানে প্রতি লিটারে ১৯৩.৫ পেনিতে পৌঁছেছে। সুপারমার্কেটগুলোর গড় দামও প্রতি লিটারে ১৯০ পেনি। চলতি সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ডিজেলের দামে প্রায় ৩৫ হাজারবার মূল্যবৃদ্ধির ঘটনা রেকর্ড করা হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাজ্যের ২৩৬টি পেট্রোল স্টেশনে ডিজেলের দাম প্রতি লিটারে ২ পাউন্ড ছাড়িয়ে গেছে। আরও ৬৩৩টি স্টেশনে দাম প্রতি লিটারে ১৯৯.৯ পেনি রাখা হয়েছে। পেট্রোলপ্রাইসেসের হিসাবে, এই স্টেশনগুলো যুক্তরাজ্যের মোট ফোরকোর্ট নেটওয়ার্কের প্রায় ১০ শতাংশ।
এর অর্থ হলো, দেশের প্রায় এক-দশমাংশ ফোরকোর্টে ডিজেলের দাম হয় ইতোমধ্যে ২ পাউন্ডে পৌঁছেছে, অথবা সামান্য আরেক দফা মূল্যবৃদ্ধি হলেই ওই সীমা অতিক্রম করতে পারে।
জ্বালানির পাইকারি বাজারেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। চলতি মাসে পাইকারি ডিজেলের দাম প্রতি লিটারে ১২ পেনিরও বেশি বেড়েছে। সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার কারণে ডিজেলের প্রধান উপাদান মধ্যম-পাতনজাত জ্বালানির দামও বেড়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো ইউরোপের কয়েকটি রিফাইনারির জন্য নির্ধারিত অপরিশোধিত তেলের সরবরাহ বাতিল অথবা পিছিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে এসব চালান জাহাজে তোলার কথা ছিল।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত তিনটি ইউরোপীয় রিফাইনারির তেলবাহী চালান বাতিল হয়েছে অথবা সেপ্টেম্বরের শেষ ১০ দিনের নির্ধারিত সময় থেকে পিছিয়ে নভেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে। আরও দুটি রিফাইনারি আগামী কয়েক দিনের মধ্যে তাদের সেপ্টেম্বরের চালান বিলম্বিত বা বাতিল হওয়ার বিষয়ে নোটিশ পেতে পারে বলে আশঙ্কা করছে।
একটি সূত্র দাবি করেছে, সেপ্টেম্বরের শেষ ১০ দিনে সৌদি আরব থেকে জাহাজে তোলার কথা থাকা সব অপরিশোধিত তেলের চালান বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সৌদি আরবের প্রায় পাঁচ দিনের তেল মজুত রয়েছে। তবে এই তথ্য সরাসরি নিশ্চিত করা হয়নি এবং আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সরবরাহ পরিস্থিতির ওপর আরও চাপ তৈরি হয়েছে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায়। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়।
বিশ্লেষকদের ধারণা, পাইপলাইনটি কয়েক সপ্তাহ বন্ধ থাকতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে পাইপলাইনটি আরও হামলার ঝুঁকিতে থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ইউরোপের বিভিন্ন সরকারও জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ায় গাড়িচালকদের ওপর চাপ কমাতে পদক্ষেপ বিবেচনা করছে। পোল্যান্ড অতিরিক্ত মুনাফার ওপর ৬০ শতাংশ উইন্ডফল ট্যাক্স আরোপের বিষয়টি বিবেচনা করছে। মধ্যপ্রাচ্য সংকটের সময় তেল পরিশোধনকারী কোম্পানিগুলোর অতিরিক্ত আয়ের অর্থ জ্বালানির দাম কমানোর পদক্ষেপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দেশটির তেল কোম্পানি অরলেনের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলকে এই প্রস্তাবের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। অরলেনের রাজস্ব ২৬ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর আগে পোল্যান্ড মার্চ থেকে জুলাই পর্যন্ত জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ৪.৭ বিলিয়ন জ্লোটি ব্যয় করেছিল। আগস্টে দেশটি জ্বালানির ওপর ভ্যাটও কমিয়েছে।
জার্মানিও জ্বালানির দাম নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস বলেছেন, সরকার এখনো কোন ব্যবস্থা গ্রহণ করবে তা চূড়ান্ত করেনি। তবে গাড়িচালকদের ওপর বাড়তে থাকা চাপের কথা স্বীকার করে তিনি খুব শিগগিরই প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যে খুচরা জ্বালানি বিক্রেতারাও বাড়তি চাপের মুখে রয়েছে। ডিজেলের খুচরা মুনাফা গত ছয় মাসের গড়ের নিচে রয়েছে। ফলে পাইকারি বাজারে দাম আরও বাড়লে সেই অতিরিক্ত খরচ নিজেদের মুনাফা থেকে সামাল দেওয়ার সুযোগ খুচরা বিক্রেতাদের সীমিত হয়ে পড়ছে।
ফলে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দ্রুতই গাড়িচালকদের দিতে হচ্ছে। পেট্রোলপ্রাইসেসের পূর্বাভাস অনুযায়ী, পাইকারি দাম দ্রুত কমে না এলে এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক দিনে আরও বেশি সংখ্যক পেট্রোল স্টেশনে ডিজেলের দাম প্রতি লিটারে ১৯৯.৯ পেনি বা তার বেশি হতে পারে।
এর ফলে যুক্তরাজ্যে ডিজেলের জাতীয় গড় দামও প্রতি লিটারে ২ পাউন্ডের কাছাকাছি পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এম.কে
