TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভাতাভোগীদের জন্য যৌন খেলনায় ছাড় নিয়ে নতুন বিতর্ক

যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগের (ডিডব্লিউপি) বিভিন্ন ভাতা গ্রহণকারীদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিশেষ মূল্যছাড় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিভার্সাল ক্রেডিট এবং পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (পিআইপি) সুবিধাভোগীরা যৌন খেলনা থেকে শুরু করে বিলাসবহুল পণ্য, ছুটির প্যাকেজ এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য মূল্যছাড় পাচ্ছেন। সমালোচকদের দাবি, এসব সুবিধা সমাজকল্যাণ ব্যবস্থার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে এবং কিছু ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি খাত পরিচালিত বিভিন্ন ছাড় কর্মসূচির আওতায় ভাতাভোগীরা যৌন খেলনা, বিলাসবহুল ঘড়ি, গয়না, ডিজাইনার পোশাক এবং ছুটির প্যাকেজে মূল্যছাড় পাচ্ছেন। এসব অফারে যুক্তরাজ্যের অনেক পরিচিত ব্র্যান্ড অংশ নিচ্ছে।

এছাড়া মনোযোগ ঘাটতি ও অতিচঞ্চলতা (এডিএইচডি) বা অন্যান্য অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে পিআইপি পাওয়া ব্যক্তিরাও এসব সুবিধা ব্যবহার করতে পারছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অফার নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। এমনকি “পিআইপি ফ্রিবিজ” নামে পরিচিত বিভিন্ন সুবিধা কীভাবে নেওয়া যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য আলাদা ওয়েবসাইটও চালু হয়েছে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রিফর্ম ইউকে দলের চেয়ারম্যান লি অ্যান্ডারসন। তিনি বলেন, পিআইপি শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত থাকা উচিত, যাদের সত্যিকার অর্থে সহায়তা প্রয়োজন। তার ভাষায়, “যৌন খেলনা বা বিলাসবহুল ছুটিতে ছাড় পাওয়ার জন্য এই ভাতা ব্যবহার করা উচিত নয়।”

তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অন্যদের শেখাচ্ছেন কীভাবে এসব কর্মসূচির সুবিধা নেওয়া যায়। এতে কাজের পরিবর্তে ভাতানির্ভর জীবনযাপন কিছু মানুষের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ এবং বেসরকারি প্রতিষ্ঠান ভাতাভোগীদের জন্য বিভিন্ন ধরনের অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বিনোদনকেন্দ্র, পর্যটনস্থল, ঐতিহাসিক স্থাপনা এবং চিড়িয়াখানায় প্রবেশমূল্যে ছাড়। পার্পল নামের একটি প্রতিষ্ঠানের তথ্যমতে, তাদের নিবন্ধিত হাজারো এডিএইচডি আক্রান্ত সদস্য ডিজনিল্যান্ডে প্রবেশমূল্যে ২৫ শতাংশ ছাড়সহ বিভিন্ন অফার ব্যবহার করছেন।

এছাড়া অ্যাক্সেস কার্ড ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন স্থানে দীর্ঘ সারিতে দাঁড়ানো এড়ানো বা বিশেষ সহায়তা পাওয়ার সুযোগও পাচ্ছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে ৪০ লাখেরও বেশি মানুষ প্রতিবন্ধী-সংক্রান্ত ভাতা গ্রহণ করছেন। এদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি ব্যক্তি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে তাদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছাড়গুলো সরকারি ভাতার অংশ নয়। এগুলো বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছায় দেওয়া বাণিজ্যিক ছাড়। তারপরও এসব সুবিধা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের কর্মসূচি সমাজকল্যাণ ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা কমিয়ে দিতে পারে এবং প্রকৃত সুবিধাভোগীদেরও প্রশ্নের মুখে ফেলতে পারে। অন্যদিকে, প্রতিবন্ধী অধিকারকর্মীদের দাবি, বৈধভাবে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃত ব্যক্তিদের জন্য জীবনযাত্রা সহজ করতে এ ধরনের ছাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাজার পরিস্থিতি নিয়ে সরকার বিপাকে

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দেওয়ার আলোচনায় ব্রিটিশ মন্ত্রীরা

“গ্রেট ব্রিটিশ এনার্জি চালু করবে লেবার”