17.8 C
London
September 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ‘লজ্জাজনক’ রাজনৈতিক কাণ্ডঃ শরণার্থীদের জীবন-মৃত্যু নিয়ে মোবাইল গেম চালু

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা ছোট নৌকা ঠেকানোর রাজনৈতিক পরিকল্পনাকে এবার মোবাইল ফোনের গেমে রূপ দিয়েছে রিফর্ম ইউকে। ‘স্মল বোট স্ক্র্যাম্বল’ নামের এই গেমে খেলোয়াড়রা ব্রিটিশ নৌবাহিনীর জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা মানুষদের থামানোর ভার্চুয়ালি চেষ্টা করতে পারবেন। গেমটির সর্বোচ্চ স্কোরধারীকে ৫ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে দলটি।

রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ গেমটি প্রকাশের ঘোষণা দেন। তার বক্তব্য অনুযায়ী, ‘স্মল বোট স্ক্র্যাম্বল’ একটি গুরুতর বিষয়কে কেন্দ্র করে মানুষকে কিছুটা বিনোদনের সুযোগ দেবে। তিনি বলেন, ব্রিটিশ জনগণ রাজনীতিবিদদের শুধু কথা বলতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে, অথচ ছোট নৌকাগুলোতে করে মানুষ যুক্তরাজ্যে আসা অব্যাহত রেখেছে।

গেমটি রিফর্ম ইউকের সেই রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেখানে ক্ষমতায় গেলে ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা মানুষদের ঠেকাতে রয়্যাল নেভিকে ব্যবহার করার কথা বলা হয়েছে। আগস্টে প্রকাশিত দলটির পরিকল্পনায় রয়্যাল নেভিকে ছোট নৌকাগুলো আটকে দেওয়ার কাজে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এই গেম চালুর পর যুক্তরাজ্যে রাজনৈতিক ও মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাসাইলাম ম্যাটার্সের প্রচারণা বিভাগের প্রধান নাথান ফিলিপস অভিযোগ করেছেন, ইংলিশ চ্যানেলে মানুষ মারা যাচ্ছে—এমন পরিস্থিতিতে মানুষের জীবন ও মৃত্যুকে একটি খেলায় পরিণত করা এবং খেলোয়াড়দের নগদ অর্থ পুরস্কারের প্রস্তাব দেওয়া অত্যন্ত নিন্দনীয়। তার মতে, নিরাপত্তার সন্ধানে থাকা মানুষদের নিয়ে রাজনৈতিক আলোচনায় অমানবিকতার মাত্রা কতটা বেড়েছে, এই ঘটনা তা তুলে ধরে।

লিবারেল ডেমোক্র্যাটদের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাক্স উইলকিনসনও রিফর্ম ইউকের উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, রিফর্ম নেতাদের ব্যর্থ ব্রেক্সিট নীতির কারণেই ছোট নৌকার সমস্যা তৈরি হয়েছে এবং এখন দলটি সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে একটি মোবাইল গেম ব্যবহার করছে।

লেবার পার্টির একজন মুখপাত্রও রিফর্ম ইউকের উদ্যোগকে কটাক্ষ করেছেন। তার দাবি, রিফর্ম যখন ‘খেলা খেলছে’, তখন লেবার সরকার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পারাপার কমাতে কাজ করছে। তিনি আরও দাবি করেন, চলতি গ্রীষ্মে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসার সংখ্যা ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এদিকে গেমটি চালুর সময়ই নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দলটি অর্থায়ন নিয়ে নতুন করে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে। দলটির অর্থায়ন নিয়ে মেট্রোপলিটন পুলিশের তদন্ত চলছে এবং রিফর্মের বিরুদ্ধে গোপন অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দলীয় অর্থ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগও সামনে এসেছে। রিফর্ম ইউকে অবশ্য কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

চ্যানেল ফোরে প্রচারিত গোপন অনুসন্ধানী প্রতিবেদনের পর রিফর্ম ইউকের দুই ঘনিষ্ঠ সহযোগী ড্যান জুকস ও জেমস অরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাইজেল ফারাজ দাবি করেছেন, সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট একটি বৈঠকের সময় তিনি কথোপকথন শুনছিলেন না।

এর পাশাপাশি রিফর্ম ইউকে সম্প্রতি ৭২ মিলিয়ন পাউন্ডের দুটি বড় রাজনৈতিক অনুদান পাওয়ায়ও তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী বেন ডেলো ও ক্রিস্টোফার হারবোর্ন ৩৬ মিলিয়ন পাউন্ড করে অনুদান দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই অর্থায়নকে ঘিরে রাজনৈতিক অনুদানের আইন ও বিদেশি প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

রিফর্ম ইউকের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। দলটির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের লক্ষ্য হলো অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নীতিগত পরিবর্তন আনা এবং ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ বন্ধ করা। দলটি বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে।

গেমটি নিয়ে বিতর্কের মধ্যেই রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ রাজনৈতিকভাবে আরও আলোচিত হয়ে উঠেছেন। তিনি দলটির অভিবাসন ও সীমান্তনীতি নিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামনে রয়েছেন।

সূত্রঃ ডেইলি মিরর, দ্য গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস

এম.কে

আরো পড়ুন

লন্ডনে পুলিশের ছদ্মবেশে বাড়িতে প্রবেশের অপচেষ্টা, ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক

পূর্ব লন্ডনের বাঙ্গালী মালিকের বাসা ভাড়া নিয়ে গাঁজা চাষঃ দম্পতির খোঁজে পুলিশ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের সুপার চেইনস্টোর সেইন্সবারিতে ট্যাকনিকেল ইস্যু ডেলিভারি ব্যহত