TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী অ্যান উইডিকম্ব হত্যার শিকারঃ ২৬ বছর বয়সি যুবক গ্রেপ্তার

যুক্তরাজ্যের সাবেক জুনিয়র মন্ত্রী ও ডানপন্থি দল ‘রিফর্ম ইউকে’র প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্ব (৭৮) হত্যার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের পর তার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ শুক্রবার ২৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ তরুণকে গ্রেপ্তার করেছে।

ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট লংম্যান জানিয়েছেন, বর্তমানে ওই বাড়িতে ফরেনসিক পরীক্ষা চলছে। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।”

সন্দেহভাজনকে উইডিকম্বের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের নিউটন অ্যাবট শহর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উইডিকম্বের দীর্ঘ জনসেবার কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে লিখেছেন, “উইডিকম্ব ছিলেন একজন সাহসী ব্রেক্সিটপন্থি ও চমৎকার বক্তা, যিনি কনজারভেটিভদের সহজেই মুগ্ধ করতে পারতেন।”

অ্যান উইডিকম্ব ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জন মেজরের কনজারভেটিভ সরকারে জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দলে অভিবাসন ও বিচার বিষয়ক মুখপাত্রের দায়িত্বে ছিলেন। ২০১৯-২০২০ সালে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) হিসেবেও কাজ করেছেন।

কট্টর সামাজিক রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত উইডিকম্ব গর্ভপাত ও সমকামীদের সমানাধিকারের ঘোর বিরোধী ছিলেন। তিনি পলায়ন ঠেকাতে কারাবন্দি গর্ভবতী নারীদের প্রসবের সময় শিকল দিয়ে বেঁধে রাখার বিতর্কিত নীতিরও সমর্থক ছিলেন। অবিবাহিত ও নিজেকে কুমারী দাবি করা এই ক্যাথলিক রাজনীতিক সবসময় পারিবারিক মূল্যবোধের পক্ষে সোচ্চার ছিলেন।

২০১০ সালে জনপ্রিয় টিভি শো ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন।

এই হত্যাকাণ্ড যুক্তরাজ্যে রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত এক দশকে এটি তৃতীয় ঘটনা। ২০১৬ সালে ব্রেক্সিট প্রচারণার সময় লেবার পার্টির এমপি জো কক্সকে এক উগ্রপন্থি হত্যা করে। ২০২১ সালে কনজারভেটিভ এমপি ডেভিড অ্যামেসকে ছুরিকাঘাতে হত্যা করে আইএস মতাদর্শী এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, তারা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ এপি

এম.কে

আরো পড়ুন

লন্ডনে হঠাৎ বন্যা, টানেলে ট্রেন চলাচল বন্ধ

ইংলিশ চ্যানেল পথে রাশিয়ার নৌশক্তির প্রদর্শনঃ যুক্তরাজ্যের নজরদারি নিয়ে নতুন প্রশ্ন

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা