TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের মেয়র পদে সাদিক খানের উত্তরসূরি হতে লেবার পার্টিতে গোপন প্রতিযোগিতা

লন্ডনের মেয়র সাদিক খান আগামী ২০২৮ সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার সিদ্ধান্ত প্রকাশ্যে না আসায় ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। দলের একাধিক নেতা ইতোমধ্যে নিজেদের প্রার্থিতা নিয়ে আলোচনা ও প্রস্তুতি শুরু করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সাদিক খান চতুর্থ মেয়াদে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ঘনিষ্ঠজনদের তিনি জানিয়েছেন, আগামী বসন্তে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।

লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের একাংশ মনে করছেন, সিদ্ধান্ত জানাতে দেরি করলে ২০২৮ সালের নির্বাচনে দলটি মেয়র পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে কনজারভেটিভ পার্টি ইতোমধ্যে সাবেক মন্ত্রী স্যার জেমস ক্লেভারলিকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি লন্ডনে লেবার পার্টির এক দশকের আধিপত্যের অবসান ঘটাতে জোরালো নির্বাচনী প্রচারণার পরিকল্পনা করছেন।

সাদিক খান আবারও প্রার্থী না হলে তার জায়গায় কে লড়বেন, তা নিয়ে লেবার পার্টির ভেতরে আলোচনা চলছে। দলের কিছু জ্যেষ্ঠ নেতা মনে করছেন, সম্প্রতি হাউস অব লর্ডসে স্থান পাওয়া এবং অ্যান্ডি বার্নহামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সাদিক খান ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন।

তবে তার ঘনিষ্ঠজনদের বক্তব্য, লন্ডনে তার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে আলট্রা লো এমিশন জোন (ইউলেজ) সম্প্রসারণ, ক্রসরেল প্রকল্প এবং অক্সফোর্ড স্ট্রিটকে পথচারীবান্ধব করা। অন্যদিকে, বেকারলু আন্ডারগ্রাউন্ড লাইনের সম্প্রসারণসহ ভবিষ্যৎ অবকাঠামো প্রকল্পগুলো সম্পন্ন করতে তিনি আরও এক মেয়াদ দায়িত্বে থাকতে পারেন।

লন্ডন অ্যাসেম্বলির লেবার পার্টির চেয়ারম্যান লর্ড ডুভাল চলতি মাসের শুরুতে সাদিক খানকে দ্রুত সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, ২০২৭ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করলে নতুন প্রার্থীর নির্বাচনী প্রস্তুতির জন্য হাতে মাত্র কয়েক মাস সময় থাকবে।

লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্যও বড়দিনের আগেই সাদিক খানের রাজনৈতিক ভবিষ্যৎ পরিষ্কার করার পক্ষে মত দিয়েছেন। তাদের আশঙ্কা, তিনি প্রার্থী না হলে নতুন কাউকে প্রচারণা ও জনসমর্থন তৈরির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।

লেবার পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ডন বাটলার, রোজেনা অ্যালিন-খান এবং সাবেক পরিবেশ ও আবাসন মন্ত্রী স্টিভ রিড।

লেবার এমপি ডন বাটলার গত বছরের আগস্টেই লন্ডনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রভাবশালী শ্রমিক সংগঠন জিএমবির সমর্থনও পেয়েছেন তিনি। সংগঠনটি লেবার পার্টির পরবর্তী মেয়র প্রার্থী নির্বাচনে ভূমিকা রাখবে। প্রচারণার কাজে বাটলারকে লন্ডনের ইউস্টনে সংগঠনটির প্রধান কার্যালয়ের জায়গাও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

তবে দলের কিছু নেতা মনে করছেন, সাদিক খান নিজের অবস্থান পরিষ্কার করার আগেই বাটলারের প্রার্থিতার ঘোষণা দেওয়া অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তাকে এগিয়ে দিয়েছে।

অন্যদিকে, সাবেক চিকিৎসক ও লেবার এমপি রোজেনা অ্যালিন-খানও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, সাদিক খান সরে দাঁড়ালে তিনি প্রায় নিশ্চিতভাবেই প্রার্থী হওয়ার কথা বিবেচনা করবেন। সম্প্রতি কনজারভেটিভ প্রার্থী জেমস ক্লেভারলির সমালোচনা করে একটি ভিডিও প্রকাশের পর তার প্রার্থিতা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

এ ছাড়া সাবেক পরিবেশ ও আবাসন মন্ত্রী স্টিভ রিডের নামও সামনে এসেছে। তিনি ছয় বছর ল্যামবেথ কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। সাদিক খান নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

লেবার পার্টির আরেক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তবে তিনি গত সপ্তাহে জানিয়েছেন, পারিবারিক দায়িত্ব এবং জাতীয় রাজনীতিতে মনোযোগ দেওয়ার কারণে মেয়র নির্বাচনে অংশ নেবেন না। তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে দলের মধ্যপন্থি অংশে নতুন প্রার্থী খোঁজার আলোচনা শুরু হয়েছে।

এদিকে, লিবারেল ডেমোক্র্যাট পার্টি রিচমন্ড পার্কের এমপি সারা ওলনিকে প্রার্থী ঘোষণা করেছে। রিফর্ম ইউকে সাবেক প্রসিকিউটর লাইলা কানিংহামকে মনোনয়ন দিয়েছে। গ্রিন পার্টিও লন্ডনের পূর্বাঞ্চলে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। চলতি বছরের স্থানীয় নির্বাচনে হ্যাকনির মেয়র পদে দলটির জয় লেবার পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে লন্ডনের মেয়র পদ চালু হওয়ার পর এবারের নির্বাচন লেবার পার্টির জন্য অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। ২০২৮ সালের নির্বাচনে নতুন ভোট গণনা পদ্ধতিতে ভোটারদের দ্বিতীয় পছন্দের ভোটও বিবেচনা করা হবে, যা লেবার পার্টির জন্য তুলনামূলক সুবিধাজনক হতে পারে বলে দলের কয়েকজন নেতা মনে করছেন।

তবে সাদিক খান নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে দলের অভ্যন্তরীণ আলোচনা প্রকাশ্যে আসছে না। ফলে লন্ডনের মেয়র পদে লেবার পার্টির পরবর্তী প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে অপেক্ষা ও জল্পনা অব্যাহত রয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

পড়াশোনার নামে বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে আসে—দাবি ব্রিটিশ মন্ত্রীর

ব্রিটেনের পারমাণবিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তাঃ এফ-৩৫এ যুদ্ধবিমান প্রকল্পে কাটছাঁটের আশঙ্কা

ব্রিটিশ কিশোর-কিশোরীদের আত্মহত্যার অনলাইনে গ্রুপ!

নিউজ ডেস্ক