TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে মেয়েকে হত্যার অভিযোগঃ বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত সৎ বাবা গ্রেপ্তার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর ঘটনায় হত্যার সন্দেহে ৪৮ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিউহ্যাম এলাকার গ্রোসভেনর গার্ডেন্সের একটি বাড়িতে শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হন। সেখানে জিসিএসই (GCSE) পরীক্ষার্থী ওই কিশোরীকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত কিশোরীর নাম ওরিন ইসলাম।

ডেইলি ড্যাজলিং ডন-এর প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, আটক ব্যক্তির নাম হান্নান মাতব্বর(মিলন)।

বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। এর আগে তার বিরুদ্ধে একাধিকবার পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। এমনকি তাকে পরিবারের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশি বিধিনিষেধের আওতায় রাখা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, নিষেধাজ্ঞা জারির পরও বাড়ির তালা পরিবর্তন করা হয়নি। ফলে অভিযুক্ত ব্যক্তি আগের চাবি ব্যবহার করে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় কিশোরীর মা অন্য দুই সন্তানকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ডের বিশেষ তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কিশোরীর মৃত্যুর সঙ্গে আগে তার পরিবারের মধ্যে ঘটে যাওয়া পারিবারিক নির্যাতনের কোনো যোগসূত্র রয়েছে কি না। বিশেষ করে, ওই কিশোরী অতীতে পারিবারিক নির্যাতনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাক্ষ্য দিয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত কিশোরীর মা তার জন্মদাতা বাবার সঙ্গে বিচ্ছেদের পর অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করেন। পরিবারটি ইতালির রোমে বসবাস করত এবং সেখান থেকে পূর্ব লন্ডনে চলে আসে।

উত্তর-পূর্ব লন্ডনের পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট জো লয়েড জানিয়েছেন, শোকাহত পরিবারকে সহায়তা করছেন বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা। একই সঙ্গে ফরেনসিক দল ঘটনাস্থল গ্রোসভেনর গার্ডেন্সে বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা করছে।

এদিকে, ঘটনার তদন্তে সহায়তার জন্য শুক্রবার বিকেলে ওই এলাকার সিসিটিভি, গাড়ির ড্যাশক্যাম কিংবা মোবাইল ফোনে ধারণ করা কোনো ভিডিও থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ১০১ নম্বরে ফোন করে CAD 4208/27NOV রেফারেন্স উল্লেখ করতে বলেছে পুলিশ।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

ছোটখাটো আইনভঙ্গে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে না

অভিযুক্ত রাজনৈতিক দলকে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব

বিদেশফেরত ৮৩ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক