৫ আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তায় তিনি ২০২৪ সালের ৫ আগস্টকে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য একটি নেতিবাচক মোড় হিসেবে উল্লেখ করে গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। তবে তার এই বার্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার লাইভ সম্প্রচারের দর্শকসংখ্যা এবং লাইভে নিজের মুখ না দেখানোর বিষয়টি।
বার্তায় শেখ হাসিনা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আওয়ামী লীগের বিশ্বাস। তার দাবি, এরপর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগে স্থবিরতা, ব্যবসা-বাণিজ্যে মন্দা এবং কৃষক, শ্রমিক, শিক্ষক, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ বেড়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের দেশব্যাপী সংঘাতে রাজনৈতিক কর্মী, পুলিশ সদস্য এবং অসংখ্য নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারা পুনরুদ্ধারে কাজ করে যাবে। তিনি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা পূত্র লিখেছিলেন, “বাংলাদেশ আরেক পাকিস্তান।” ওই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা যায়।
এদিকে শেখ হাসিনার ৫ আগস্টের লাইভ সম্প্রচার নিয়েও নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়, ভাষণ শুরুর পর অল্প সময়ের মধ্যেই প্রায় ৪৪ হাজার দর্শক লাইভ থেকে বেরিয়ে যান। এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি।
এ ছাড়া লাইভে শেখ হাসিনার মুখ দৃশ্যমান না হওয়ায় অনেক নেটিজেন বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কেউ কেউ দাবি করেন, ভারতকে অস্বস্তিতে ফেলতে চাননি বলেই তিনি ক্যামেরায় নিজের মুখ দেখাননি। তবে এই দাবি সম্পূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক মন্তব্য; এর পক্ষে কোনো প্রমাণ বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান ও ব্যাখ্যায় স্পষ্ট বিভাজন রয়েছে। একই ঘটনার ভিন্ন ভিন্ন রাজনৈতিক মূল্যায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া দেশের চলমান রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

