11.7 C
London
October 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বসে চীনে অস্ত্রোপচার করলেন চিকিৎসকঃ ফাইভ-জি প্রযুক্তিতে মিলল সফলতা

সিডনি থেকে সাংহাই—মাঝখানে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরত্ব। অথচ অস্ট্রেলিয়ায় বসেই চীনের একটি হাসপাতালে রাখা কৃত্রিম কিডনিতে অস্ত্রোপচার করলেন এক চিকিৎসক। অত্যাধুনিক রোবট ও দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই পরীক্ষামূলক অস্ত্রোপচার চিকিৎসাবিজ্ঞানে দূরনিয়ন্ত্রিত চিকিৎসাসেবার নতুন সম্ভাবনা তৈরি করেছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ক্রিস ও’ব্রায়েন লাইফহাউসে বসে এই অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম। অন্যদিকে, চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য রাখা হয়েছিল কৃত্রিম কিডনি। চিকিৎসক সিডনি থেকে রোবট নিয়ন্ত্রণ করে কৃত্রিম কিডনিটি কেটে আবার নিখুঁতভাবে সেলাই করেন।

অস্ত্রোপচারটি পরিচালনায় ব্যবহার করা হয় ‘টুমাই’ নামের একটি অত্যাধুনিক সার্জিক্যাল রোবট। অতি দ্রুতগতির ফাইভ-জি ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সিডনিতে চিকিৎসকের হাতের নড়াচড়ার নির্দেশ সাংহাইয়ে থাকা রোবটের কাছে পৌঁছে যায়। চিকিৎসক যেভাবে হাত পরিচালনা করেছেন, রোবটও সেভাবে অস্ত্রোপচারের কাজ সম্পন্ন করেছে।

পরীক্ষা চলাকালে উল্লেখযোগ্য সময়ের ব্যবধান কিংবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো সমস্যা দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দুই মহাদেশের মধ্যে দীর্ঘ দূরত্ব থাকা সত্ত্বেও রোবটের মাধ্যমে সূক্ষ্ম অস্ত্রোপচার পরিচালনার প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শিত হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অস্ট্রেলিয়ার মতো বিশাল আয়তনের দেশে প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগীকে জটিল রোগের চিকিৎসার জন্য বড় শহরে যেতে হয়। দূরনিয়ন্ত্রিত রোবোটিক অস্ত্রোপচার চালু করা গেলে স্থানীয় হাসপাতালেই বসে দূরের কোনো শহরে অবস্থানরত বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় অস্ত্রোপচার করানো সম্ভব হতে পারে।

এই প্রযুক্তির সম্ভাব্য সুবিধা শুধু অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ নয়। উপযুক্ত অবকাঠামো, নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা গেলে বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালেও এ ধরনের সেবা চালু করা সম্ভব হতে পারে। বিশেষ করে যেখানে অভিজ্ঞ শল্যচিকিৎসকের সংকট রয়েছে, সেখানে দূরবর্তী চিকিৎসাসেবা নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় এ ধরনের আন্তমহাদেশীয় দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচারের পরীক্ষা এটিই প্রথম। সংশ্লিষ্ট চিকিৎসকেরা আশা করছেন, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষাগারের বাইরে সরাসরি রোগীর শরীরে এ ধরনের রোবোটিক অস্ত্রোপচার শুরু করা সম্ভব হতে পারে।

সূত্রঃ সেভেন নিউজ

এমকে

আরো পড়ুন

ফ্রান্সের পার্লামেন্টে বামপন্থীদের জয়, বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থীরা

ট্রাম্পের নিশানায় আছে আরও ৫ দেশ

সিরিয়ায় সংঘাতে আইএস বন্দিশিবির ভাঙনের আশঙ্কা, শামিমা বেগমের মুক্তি নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক