TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘অস্থায়ী কর্মভিসা মানেই স্থায়ী বসবাসের অধিকার নয়’—লেবারকে ইউ-টার্ন না করার আহ্বান কেমি ব্যাডেনকের

যুক্তরাজ্যে কর্মভিসাধারীদের জন্য অনির্দিষ্টকালের বসবাসের অনুমতি (Indefinite Leave to Remain–ILR) পাওয়ার যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। দলটির নেতা কেমি ব্যাডেনক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি প্রকাশ করে লেবার সরকারকে এ বিষয়ে কোনো ধরনের ‘ইউ-টার্ন’ না করার আহ্বান জানিয়েছেন।

 

ব্যাডেনক বলেন, অস্থায়ী কর্মভিসায় যুক্তরাজ্যে আসা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকা উচিত নয়। তার মতে, লেবার সরকার প্রথমে এ সুযোগ কঠিন করার যে পরিকল্পনা নিয়েছিল, সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তবে এখন দলটির কিছু এমপি সরকারের ওপর অবস্থান পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

কনজারভেটিভ নেতা জানান, গত বছরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ILR পাওয়ার যোগ্যতার সময়সীমা ১০ বছরে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন, যা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত কর্মভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য করার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে কর্মভিসায় যুক্তরাজ্যে আসা প্রায় ২০ লাখ অভিবাসীকে এই পরিবর্তনের বাইরে রাখার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ ধরনের পদক্ষেপকে ‘গুরুতর ভুল’ উল্লেখ করে ব্যাডেনক বলেন, পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অধিকার দেওয়া খুবই কম সময়। তার দাবি, কর্মভিসায় আসা অনেক অভিবাসী কম মজুরি ও কম দক্ষতার চাকরিতে কর্মরত, যেসব পদে যুক্তরাজ্যের অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, যারা দীর্ঘ ১০ বছরেও উল্লেখযোগ্য অর্থনৈতিক অবদান রাখতে পারেননি, অথবা যারা কর্মহীন কিংবা স্বল্প আয়ের চাকরিতে রয়েছেন, তাদের অস্থায়ী কর্মভিসার মেয়াদ শেষ হলে নিজ দেশে ফিরে যাওয়া উচিত। ব্যাডেনকের ভাষ্য, ILR পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কল্যাণমূলক সুবিধা পাওয়ার অধিকার সৃষ্টি হয় এবং এক বছর পর ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করার সুযোগ আসে। ফলে বর্তমান পরিকল্পনা থেকে সরে এলে সাম্প্রতিক অভিবাসীদের ভাতা দাবির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে, যা করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

কনজারভেটিভ নেতা আরও বলেন, সরকার চাইলে যেকোনো সময় স্থায়ী বসবাসের নিয়ম পরিবর্তন করতে পারে এবং নতুন যোগ্যতার শর্ত আরোপ করা কোনোভাবেই অতীত কার্যকর (রেট্রোস্পেকটিভ) আইন প্রয়োগের শামিল নয়।

ব্যাডেনক জানান, সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা অ্যান্ডি বার্নহ্যাম এমপিকেও এ বিষয়ে লেখা চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। তিনি বলেন, যদি লেবার সরকার গত বছরে ঘোষিত ILR-সংক্রান্ত প্রস্তাব কোনো পরিবর্তন ছাড়াই ইমিগ্রেশন রুলস বা ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলের অংশ হিসেবে পার্লামেন্টে আনে, তাহলে কনজারভেটিভ পার্টি তা সমর্থন করবে।

যুক্তরাজ্যের অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই কেমি ব্যাডেনকের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন লেবার সরকার তাদের পূর্বঘোষিত পরিকল্পনায় অটল থাকে, নাকি দলীয় চাপের মুখে অবস্থান পরিবর্তন করে—সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

আয়ারল্যান্ড সকল অবৈধ অভিবাসী ফেরত পাঠাবে ইউকেতে

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলি বসতি আন্দোলনের ‘গডমাদার’কে

‘ইসলামোফোবিয়া শুধু টোরি কেন্দ্রিক সমস্যা নয়’