9.8 C
London
October 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আজ থেকে ব্রিটেনে ভ্যাপ বিক্রিতে নতুন বিধিনিষেধঃ বিক্রি করলে £১০০ জরিমানা

ব্রিটেনে ভ্যাপ বা ই-সিগারেট বিক্রির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের কাছে নিকোটিনযুক্ত কিংবা নিকোটিনবিহীন—কোনো ধরনের ভ্যাপ পণ্য বিক্রি করা যাবে না। আইন লঙ্ঘন করলে বিক্রেতাদের জরিমানাসহ অন্যান্য আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, শিশু-কিশোরদের মধ্যে ভ্যাপ ব্যবহারের প্রবণতা কমানো এবং তাদের কাছে এসব পণ্যের সহজলভ্যতা নিয়ন্ত্রণের লক্ষ্যেই নতুন বিধিনিষেধ আনা হয়েছে।

নতুন নিয়মে ১৮ বছর বা তার বেশি বয়সী কোনো ব্যক্তি অপ্রাপ্তবয়স্কের জন্য ভ্যাপ পণ্য কিনলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই বিধানটি অ্যালকোহল ও তামাকজাত পণ্য কেনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের অপরাধে প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভ্যাপ পণ্যের প্রচার ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে বিনা মূল্যে ভ্যাপ বা নিকোটিনজাত পণ্য বিতরণ করা যাবে না। একইভাবে পণ্যটির বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বড় ধরনের ছাড় দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

স্কটল্যান্ডে নিয়ম আরও বিস্তৃত। সেখানে নিকোটিন পাউচ ও নিকোটিন প্যাচসহ বিভিন্ন ধরনের নিকোটিনজাত পণ্যের ক্ষেত্রেও বিধিনিষেধ প্রযোজ্য হবে।

নতুন নিয়মের আওতায় খুচরা বিক্রেতাদের নিশ্চিত হতে হবে, ক্রেতার বয়স কমপক্ষে ১৮ বছর। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক, সিগারেটের কাগজ, ভ্যাপ বা নিকোটিনজাত পণ্য বিক্রি করলে তাৎক্ষণিকভাবে ২০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করলে তা কমে ১০০ পাউন্ড হতে পারে।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে ভ্যাপ বা নিকোটিনজাত পণ্য বিক্রির দায়ে অভিযুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

রাশিয়ায় বিবিসি সাংবাদিকদের কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক

চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢোকার হিড়িক, ২২ হাজারের বেশি অভিবাসীর চেষ্টা—সফল ৬৬%

ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি