21.5 C
London
September 13, 2026
TV3 BANGLA
ফিচার

এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির সম্ভাব্য চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে—এমন ক্ষতিকর কর্মকাণ্ড চালানোর কয়েকটি প্রচেষ্টা তারা শনাক্ত ও প্রতিহত করেছে।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক হুমকি-বিষয়ক গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষক ও প্রযুক্তি খাতের অভ্যন্তরীণ ব্যক্তিদের ধারাবাহিক সতর্কবার্তার মধ্যেই নতুন এই প্রতিবেদন প্রকাশ করল অ্যানথ্রপিক।

যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স উন্নত এআইয়ের বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি কৃত্রিম সুপারইন্টেলিজেন্স নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এআই নিয়ে অস্তিত্বগত ঝুঁকির আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, এআইয়ের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র জয়ী না হলে দেশটি ‘খুব খারাপ অবস্থায়’ পড়বে বলে তিনি উদ্বিগ্ন।

অ্যানথ্রপিক বৃহস্পতিবার তাদের সর্বশেষ হুমকি-বিষয়ক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। এআই প্রতিষ্ঠানগুলো এখন নিয়মিত এ ধরনের প্রতিবেদন প্রকাশ করছে, যাতে তাদের প্রযুক্তির অপব্যবহারের চেষ্টা কীভাবে শনাক্ত ও প্রতিহত করা হচ্ছে তা তুলে ধরা যায়।

গুগলও মঙ্গলবার জানিয়েছিল, একজন ব্যক্তি তাদের এআই টুল ‘জেমিনি’ ব্যবহার করে অস্ত্রায়িত জৈব উপাদান তৈরির জন্য সম্পূর্ণ ধাপে ধাপে কারিগরি নির্দেশনা পাওয়ার চেষ্টা করেছিলেন।

অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াভিত্তিক সাইবার গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এবং ইরানের একটি প্রচারমূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের এআই মডেল ‘ক্লদ’-এর ব্যবহার শনাক্ত হয়েছে।

গত আট মাসে শনাক্ত হওয়া উদ্বেগজনক ঘটনাগুলোর মধ্যে ভুয়া ডেটিং অ্যাপ, হোটেলের ওয়াই-ফাই ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণা এবং ভিন্নমতাবলম্বীদের শনাক্ত করার জন্য নজরদারি ব্যবস্থা তৈরির মতো কর্মকাণ্ড ছিল।

চীনের কয়েকটি এআই প্রতিষ্ঠান ‘ক্লদ’-এর সক্ষমতা অনুকরণের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছে অ্যানথ্রপিক।

প্রতিবেদনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্দেহভাজন গোষ্ঠী, অপরাধী, স্পাইওয়্যার বিক্রেতা, রাষ্ট্রীয় প্রচার প্রতিষ্ঠান এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের দ্বারা অ্যানথ্রপিকের প্রযুক্তির অপব্যবহারের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।

অ্যানথ্রপিক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের ‘ক্লদ হাইকু’, ‘সনেট’ ও ‘অপাস’ মডেলের অপব্যবহারের বেশ কয়েকটি ঘটনা তারা প্রতিহত করেছে।

তবে ‘ক্লদ ফেবল’ বা শক্তিশালী ‘মিথস’ শ্রেণির মডেলগুলোর অপব্যবহারের ঘটনা পাওয়া যায়নি। একটি ক্ষেত্রে বড় ও ব্যয়বহুল মডেল ব্যবহার করে ছোট এআই মডেল প্রশিক্ষণের জন্য তথ্য স্থানান্তরের ঘটনা শনাক্ত হয়েছিল।

সাইবার হামলা, প্রভাব বিস্তার, নজরদারি, প্রতারণা ও অস্ত্র তৈরির মতো কর্মকাণ্ডে এআই ব্যবহারের পাশাপাশি জৈব অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে—এমনভাবে প্রযুক্তি ব্যবহারের চেষ্টাও অ্যানথ্রপিক শনাক্ত করেছে।

প্রতিবেদনে জৈব অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য অপব্যবহারের পাঁচটি ঘটনা আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

অ্যানথ্রপিক বলেছে, জৈব প্রযুক্তির অপব্যবহার ‘ফ্রন্টিয়ার এআই মডেলগুলোর সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি’। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এ ধরনের সক্ষমতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে অ্যানথ্রপিক উল্লেখ করেছে, জৈব অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে এমন একই তথ্য টিকা তৈরি বা রোগের চিকিৎসা উদ্ভাবনের ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব।

অ্যানথ্রপিকের হুমকি-বিষয়ক গোয়েন্দা বিভাগের প্রধান জ্যাকব ক্লেইন নিউইয়র্ক টাইমসকে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। তার ভাষ্য অনুযায়ী, বাস্তব পরিস্থিতিতে কেউ সরাসরি ‘আমি একটি জৈব অস্ত্র তৈরি করে সবাইকে হত্যা করতে চাই’—এভাবে উদ্দেশ্য প্রকাশ করে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয়টি ঘটনায় ‘ক্লদ’ ব্যবহার করে আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন, বোমা ও অন্যান্য সামরিক অস্ত্র তৈরির সফটওয়্যার এবং এসব অস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছিল।

সাইবার অপরাধী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ডে সহায়তা নেওয়ার প্রবণতা বাড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘শাইনিহান্টার্স’ নামে একটি হ্যাকিং গোষ্ঠী এবং চীনের কয়েকটি গবেষণাগারের নামও প্রতিবেদনে এসেছে।

রাশিয়াভিত্তিক ‘মিডনাইট ব্লিজার্ড’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ড পরিচালনাকারী একটি হ্যাকিং গোষ্ঠী এআই ব্যবহার করে এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা তাদের ক্ষতিকর সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত হয়েছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারত। শনাক্ত হলে সেটি কোড পরিবর্তন করে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত।

অ্যানথ্রপিক জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও কার্যকরভাবে প্রতিরোধ, শনাক্ত ও বন্ধ করতে প্রতিবেদনের তথ্য তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও শিল্পখাতের অংশীদারদের সঙ্গেও তারা গোয়েন্দা তথ্য বিনিময় করেছে।

অ্যানথ্রপিকের এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন প্রতিষ্ঠানটির এক শীর্ষ নিরাপত্তা গবেষক সতর্ক করেছেন যে এআই এত দ্রুত এগোচ্ছে যে আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে বলে তিনি মনে করেন।

৬ সেপ্টেম্বর প্রকাশিত এক নিবন্ধে ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকুব পাচোকি এআই খাতে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বেচ্ছামূলকভাবে উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান।

পাচোকি বলেন, মেশিনের বুদ্ধিমত্তা দ্রুত বাড়তে থাকলে এর পরিণতির জন্য কেউ প্রস্তুত আছে কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ওপেনএআই নিরাপত্তা ব্যবস্থা তৈরির কাজ চালিয়ে যাবে বলেও তিনি জানান। তবে তার মতে, এ ক্ষেত্রে আরও বিস্তৃত উদ্যোগ প্রয়োজন।

এই সতর্কবার্তার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কাছে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। এতে নিরাপদভাবে এআই উন্নয়নের জন্য একটি নতুন বহুজাতিক চুক্তি এবং সুপারইন্টেলিজেন্স তৈরির ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সহযোগিতার কাঠামো তৈরির আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা বার্নি স্যান্ডার্স কৃত্রিম সুপারইন্টেলিজেন্স নিষিদ্ধ এবং উন্নত এআইয়ের বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখার জন্য আইন প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে স্যান্ডার্স বলেন, বিজ্ঞানীরা যখন সতর্ক করছেন যে এআই মানবজাতির ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তখন উন্নয়নের গতি কমানোর বিষয়টি বিবেচনা না করা উচিত নয়।

সূত্রঃ বিবিসি নিউজ

এম.কে

আরো পড়ুন

নীরব ঘাতক উচ্চ রক্তচাপঃ যুক্তরাজ্যে শিশু-কিশোরদের মধ্যেও উদ্বেগজনক হারে বাড়ছে ঝুঁকি

লন্ডন ছেড়ে বনে বাস করা দম্পতি ম্যাথু-লরেন কাব্য

সমুদ্রে গড়ে উঠছে ৮০ হাজার মানুষের ভাসমান শহরঃ হাসপাতাল-স্কুলসহ ভাসমান নগরীর মহাপরিকল্পনা