14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলন নিয়ে ট্রাম্পের দাবি, ‘মুসলিমরা দেশটি দখলের চেষ্টা করছে’

ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ফ্রান্সে ব্যাপক অভিবাসনের সুযোগ দেওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং দেশটি ‘ইসলামের দখলের’ ঝুঁকিতে পড়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফ্রান্সের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সেখানে যা ঘটছে তা কেবল স্কুল বা শিক্ষার্থীদের সমস্যা নয়; বরং এর পেছনে ব্যাপক অভিবাসন ও ইসলামের বিষয় রয়েছে।

ট্রাম্পের মন্তব্য এমন সময় এলো, যখন শ্রেণিকক্ষে শিক্ষক সংকট, শিক্ষকদের অনুপস্থিতি, দীর্ঘ সময় ক্লাস পরিচালনা এবং শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রায় দুই হাজার স্কুলের সামনে বা প্রবেশপথে অবরোধ তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের অন্যতম দাবি হলো শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময় ক্লাস চলার বিষয়টি পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য শিক্ষার্থীদের আরও বেশি সময় দেওয়ার দাবি রয়েছে।

পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পরিকল্পনা বাতিলের দাবিও আন্দোলনের অন্যতম প্রধান বিষয়।

আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু তার মন্ত্রীদের শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে ফ্রান্সের শিক্ষার্থীদের শিক্ষা ও অবকাঠামোগত দাবির আন্দোলনকে ট্রাম্প অভিবাসন ও ইসলামের সঙ্গে যুক্ত করায় তার মন্তব্যটি নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

সূত্রঃ রয়টার্স

এমকে

আরো পড়ুন

দীর্ঘ যুদ্ধেই লাভ দেখছে চীন, কূটনৈতিক চাপের মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভবঃ পেজেশকিয়ান

হার্ভার্ডে ভর্তি হতে না পারার অপমানেই কি ট্রাম্পের প্রতিশোধ?