18.2 C
London
October 9, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে রেকর্ড উচ্চতায় ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধঃ মুসলিমদের বিরুদ্ধে হামলা বেড়েছে ১৫%

ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের মার্চে শেষ হওয়া ১২ মাসে দেশ দুটিতে পুলিশ মোট ১ লাখ ৪৬ হাজার ৮২৫টি বিদ্বেষমূলক অপরাধ নথিভুক্ত করেছে। আগের বছরের তুলনায় মোট অপরাধের সংখ্যা বেড়েছে ৭ শতাংশ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তথ্য বাদ দিলে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। এ ক্ষেত্রে মোট বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৫৭টি, যা আগের বছরের ১ লাখ ১৬ হাজারের তুলনায় ৭ শতাংশ বেশি।

জাতিগত বিদ্বেষমূলক অপরাধই সবচেয়ে বেশি। মেট্রোপলিটন পুলিশের তথ্য বাদ দিলে এমন অপরাধের সংখ্যা ছিল ৯০ হাজার ৩৭৮টি, যা ২০১২ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ।

ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য বাদ দিয়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে ৮ হাজার ২১৪টি ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ নথিভুক্ত হয়েছে। এটিও ২০১২ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ বার্ষিক সংখ্যা।

ধর্মীয় বিদ্বেষের ক্ষেত্রে সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গেছে মুসলিমদের বিরুদ্ধে অপরাধে। মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধ ১৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৭৯টি থেকে ৫ হাজার ১৩২টিতে পৌঁছেছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য বাদ দিলে মুসলিমদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬০টি, যা ২০১৮ সালে এই তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুসলিমদের বিরুদ্ধে অপরাধের বড় ধরনের বৃদ্ধি দেখা যায় ২০২৫ সালের সেপ্টেম্বরে। ওই সময় বিভিন্ন বিক্ষোভ ও জনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এই বৃদ্ধির সময়কাল মিলে যায়। এরপর ২০২৬ সালের মার্চেও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা বাড়ে। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইহুদিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধও বেড়েছে। এক বছরে এমন অপরাধ ১০ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৪টি থেকে ৩ হাজার ১৬২টিতে পৌঁছেছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য বাদ দিলে ইহুদিদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিল ২ হাজার ৩টি, যা রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ম্যানচেস্টারের হিটন পার্ক সিনাগগে সন্ত্রাসী হামলার পর ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ হঠাৎ বেড়ে যায়। এরপরও এমন অপরাধের মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সরকারি অর্থায়নে পরিচালিত ব্রিটিশ মুসলিম ট্রাস্ট জানিয়েছে, তারা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১২ মাসে মুসলিমদের উপাসনালয় লক্ষ্য করে ৭৮টি হামলা ও ঘটনার তথ্য যাচাই করেছে। এর মধ্যে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও রয়েছে। অর্থাৎ গড়ে যুক্তরাজ্য ও চ্যানেল দ্বীপপুঞ্জে প্রায় প্রতি পাঁচ দিনে একটি করে এমন হামলা বা ঘটনা ঘটেছে।

ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ বলেন, দেশে বিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবিলায় পুরো সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের বক্তব্যে আরও সতর্কতা অবলম্বন করা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ এবং কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ব্রিটেনে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে মুসলিম ও ইহুদি—উভয় সম্প্রদায়ের বিরুদ্ধেই বিদ্বেষমূলক অপরাধের উচ্চ মাত্রা অব্যাহত রয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

লেবার পার্টির উপর নাইজেল ফারাজের রিফর্ম পার্টির অনুকরণ করার অভিযোগ

যুক্তরাজ্যে অ্যান্ডি বার্নহ্যামের সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে এগিয়ে শাবানা মাহমুদ

শিশুদের ভ্যাপিং-এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে তদন্ত করবে যুক্তরাজ্য