23.8 C
London
July 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মার্চ ২০২৫-এর পর প্রথমবার রিফর্মকে টপকে গিয়েছে লেবারঃ জনমত জরিপে বার্নহ্যামের উত্থান

এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভোটারদের সমর্থনের জরিপে রিফর্ম ইউকেকে পেছনে ফেলেছে ক্ষমতাসীন লেবার পার্টি। অলাভজনক গবেষণা সংস্থা মোর ইন কমন-এর সর্বশেষ সাপ্তাহিক জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে লেবারের জনপ্রিয়তা বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের সমর্থন কমে ২৪ শতাংশে নেমে এসেছে।

জরিপ অনুযায়ী, লেবারের ভোটের হার আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। বিপরীতে রিফর্ম ইউকের সমর্থন ২ শতাংশ পয়েন্ট কমেছে। একই সঙ্গে গ্রিন পার্টির সমর্থন ৩ শতাংশ পয়েন্ট কমে ৮ শতাংশে দাঁড়িয়েছে। কনজারভেটিভ পার্টির সমর্থন ২২ শতাংশে অপরিবর্তিত থাকলেও লিবারেল ডেমোক্র্যাটদের সমর্থন ১ শতাংশ পয়েন্ট বেড়ে ১২ শতাংশ হয়েছে।

 

মোর ইন কমনের যুক্তরাজ্য পরিচালক লুক ট্রাইল বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক গতি নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছেন। তার ভাষ্য, ধারাবাহিক নীতিগত ঘোষণা এবং গণমাধ্যমে সক্রিয় উপস্থিতির ফলে লেবার গত বছরের মার্চের পর প্রথমবারের মতো জনমত জরিপে শীর্ষে উঠে এসেছে। তিনি মনে করেন, জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর সরকারের জোর দেওয়া বাম ও ডান—উভয় দিকের হারানো ভোটারদের আবারও লেবারের দিকে টেনে আনছে।

তবে এই ফলাফলে অতিরিক্ত উচ্ছ্বসিত নন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরে তিনি সন্তুষ্ট। আগামী দিনগুলোতে যুব বেকারত্ব, সামাজিক পরিচর্যা এবং আবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে জনমত জরিপে পিছিয়ে পড়ার পাশাপাশি একের পর এক বিতর্কে পড়েছে রিফর্ম ইউকে। দলটির নেতা নাইজেল ফারাজ ঘোষণাবিহীন উপহার ও অনুদান গ্রহণের অভিযোগ, একজন দণ্ডিত প্রতারককে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাখা এবং একটি উপনির্বাচনকে কেন্দ্র করে সমালোচনার মুখে রয়েছেন।

 

রাজনৈতিক বিশ্লেষক মাইকেল অ্যাশক্রফটের পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনায় ক্ল্যাকটনের ভোটারদের মধ্যে ফারাজের প্রতি বাড়তে থাকা অসন্তোষের চিত্র উঠে এসেছে। অনেক ভোটারের অভিযোগ, নিজের রাজনৈতিক ভাবমূর্তি পুনর্গঠনের জন্য ফারাজ সাধারণ মানুষকে রাজনৈতিক খেলায় ব্যবহার করছেন। তারা মনে করেন, একটি নিম্ন-আয়ের এলাকাকে অপ্রয়োজনীয় উপনির্বাচনের আর্থিক চাপ বহন করতে হচ্ছে শুধুমাত্র তার জনপ্রিয়তা প্রমাণের উদ্দেশ্যে।

ফোকাস গ্রুপে অংশ নেওয়া ভোটাররা আরও অভিযোগ করেন, ফারাজ সাধারণ মানুষের জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার সম্পদশালী জীবনধারা এবং নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখাও সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি উপনির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থী না থাকায় অনেক ভোটার নিজেদের রাজনৈতিকভাবে উপেক্ষিত বলেও মন্তব্য করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রথম সপ্তাহেই অ্যান্ডি বার্নহ্যাম জ্বালানি বিলের ওপর কর কমানো, বাসভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং পাব ও ক্লাবগুলোর ব্যবসায়িক কর কমানোর মতো একাধিক নীতিগত ঘোষণা দেন। এসব পদক্ষেপ সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে নাইজেল ফারাজকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার আগে তিনি ক্রিপ্টোকারেন্সি খাতের ধনকুবের ক্রিস্টোফার হারবর্নের কাছ থেকে ৫০ লাখ পাউন্ড গ্রহণ করেছিলেন। বিষয়টি সংসদের মানদণ্ড তদারকি সংস্থা তদন্ত করছে। যদিও ফারাজ সব ধরনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।

 

এছাড়া ফারাজের দীর্ঘদিনের সহযোগী ও দণ্ডিত প্রতারক জর্জ কটরেলের অর্থায়নের বিষয় এবং রিফর্ম ইউকেকে দেওয়া কয়েকটি বড় অঙ্কের অনুদানও বর্তমানে মেট্রোপলিটন পুলিশের তদন্তাধীন। তবে রিফর্ম ইউকে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেছে, দলটি কোনো ধরনের অনিয়মে জড়িত নয়।

সাম্প্রতিক জনমত জরিপ ও চলমান রাজনৈতিক বিতর্ক ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠছে। লেবার যেখানে জীবনযাত্রার ব্যয় কমানোর মতো ইস্যুতে জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছে, সেখানে রিফর্ম ইউকেকে এখন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয়, ধারাবাহিক বিতর্ক ও তদন্তের চাপও সামাল দিতে হচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে দেড় শতাধিক ফ্লাইট বাতিলে বাধাগ্রস্ত যাত্রীরা

ইরানে হামলার প্রস্তুতিঃ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে ‘না’ বলল যুক্তরাজ্য

ইতিহাসের সবচেয়ে খারাপ ফ্লু মৌসুমের মুখে ইংল্যান্ড—হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড