TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ব্রাইটনে অভিবাসনবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের সংঘাতঃ গ্রেপ্তার ৫

যুক্তরাজ্যের উপকূলীয় শহর ব্রাইটনে অভিবাসনবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান, উত্তেজনা এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে সাসেক্স পুলিশ।

শনিবার শহরের কেন্দ্রস্থলে অভিবাসনবিরোধী সংগঠন ‘সাউথ ইস্ট প্যাট্রিয়টস’-এর উদ্যোগে ‘স্টপ দ্য বোটস’ শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে ‘কার্নিভাল অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ নামে একটি ফ্যাসিবাদবিরোধী সমাবেশ আয়োজন করা হয়। পাল্টা বিক্ষোভে অংশগ্রহণকারীরা “Refugees are welcome here” বা “শরণার্থীরা এখানে স্বাগত” স্লোগান দেন।

সাসেক্স পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশ ভ্যান মোতায়েন করা হয়।

পুলিশের হিসাবে, ফ্যাসিবাদবিরোধী ‘কার্নিভাল অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচিতে প্রায় ৪ হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে ‘স্টপ দ্য বোটস’ কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৩০০ জন।

এক বিবৃতিতে সাসেক্স পুলিশ জানায়, “প্রায় ৩০০ জনের অংশগ্রহণে ‘স্টপ দ্য বোটস’ বিক্ষোভ রেলস্টেশনের দক্ষিণ দিক হয়ে মাদেইরা ড্রাইভের দিকে অগ্রসর হয়। একই সময়ে প্রায় ৪ হাজার অংশগ্রহণকারী নিয়ে পাল্টা বিক্ষোভও চলতে থাকে। উভয় পক্ষের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে পুলিশ মাঠে উপস্থিত রয়েছে।”

বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে একাধিক ব্যক্তিকে আটক করা হয়। সর্বশেষ তিনজনকে গ্রেপ্তারের পর মোট গ্রেপ্তারের সংখ্যা পাঁচে পৌঁছেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এক নারীকে শান্তিভঙ্গের আশঙ্কা এবং পাইরোটেকনিক বা আতশবাজি জাতীয় সামগ্রী বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক ব্যক্তিকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে এবং আরেকজনকে সাধারণ হামলার অভিযোগে আটক করা হয়েছে। তাদের সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিকে “বড় ধরনের জনশৃঙ্খলা সংকট” হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের বিক্ষোভকারীদের আলাদা রাখতে পুলিশের শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে বলেন, “অনেক মানুষ এখানে ঝামেলা তৈরির উদ্দেশ্যে এসেছে। রাস্তাজুড়ে শত শত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”

প্রতিবেদন অনুযায়ী, ব্রাইটন রেলস্টেশনের বাইরে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় শিশুদের নিয়ে উপস্থিত থাকা কিছু পরিবারও পরিস্থিতির মধ্যে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা জেন ডিন বলেন, “কিছু উসকানিদাতা সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে এবং কয়েকজন আহত হয়েছেন।”

এর আগে সাসেক্স পুলিশ জানিয়েছিল, কুইন্স রোড এলাকায় একজনকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও একজনকে শান্তিভঙ্গ ও পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়।

পুলিশ বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। যদিও বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে, তবুও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় ব্রাইটনের বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক বিভাজনের প্রতিফলন দেখা গেছে ব্রাইটনের এই বিক্ষোভে। বিপরীতমুখী অবস্থানের দুই পক্ষের ব্যাপক সমাবেশ দেশটির অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

এখনও রাশিয়ায় পরিচালিত কোম্পানির লভ্যাংশ পান রিশি সুনাকের স্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে কেয়ার হোম নজরদারিহীন, দশ বছর আগে তরুণীকে হত্যার রায় প্রকাশ

যুক্তরাজ্যে আইসিইউতে ভর্তি হওয়া সংখ্যালঘু জাতিগোষ্ঠী ও দরিদ্র শিশুদের মৃত্যুহার বেশি