20.5 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ধূমপান না করেও ভ্যাপিং করছেন ১০ লাখের বেশি মানুষ

যুক্তরাজ্যে কখনো সিগারেট না খেলেও এখন ভ্যাপিং বা ই-সিগারেট ব্যবহার করছেন ১০ লাখের বেশি মানুষ। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) নতুন তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ভ্যাপিংয়ের হার সবচেয়ে বেশি ছিল। এই বয়সী মানুষের মধ্যে ভ্যাপিংয়ের হার ২০২৪ সালের ১২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৬ দশমিক ৪ শতাংশ হয়েছে। বয়সভিত্তিক অন্যান্য গোষ্ঠীর মধ্যে এই বয়সসীমাতেই ই-সিগারেট ব্যবহারে বৃদ্ধি দেখা গেছে।

ওএনএসের ১৬ বছর বা তার বেশি বয়সী মানুষের ওপর করা তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিদিন বা মাঝে মাঝে ভ্যাপিং করেন প্রায় ৫৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার ৯ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে সিগারেট ধূমপান করেন প্রায় ৪৮ লাখ মানুষ বা ৮ দশমিক ৭ শতাংশ।

তবে ধূমপানের হার দীর্ঘমেয়াদে কমছে। ২০২৫ সালে নিয়মিত ধূমপান করেছেন এমন ব্যক্তিদের মধ্যে ৭৪ দশমিক ১ শতাংশ জানিয়েছেন, তারা ধূমপান ছেড়ে দিয়েছেন। বর্তমানে যারা ধূমপান করেন, তাদের ৫১ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, তারা ধূমপান ছাড়ার পরিকল্পনা করছেন।

সাবেক ধূমপায়ীদের মধ্যে ২০ দশমিক ৭ শতাংশ ই-সিগারেট ব্যবহার করেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় একই। আর বর্তমানে ধূমপান করেন এমন ব্যক্তিদের ৩৩ দশমিক ৮ শতাংশ প্রতিদিন বা মাঝে মাঝে ই-সিগারেটও ব্যবহার করেন।

ওএনএসের ডেভিড মাইস বলেন, বর্তমানে যুক্তরাজ্যে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনেরও কম ধূমপান করেন। ধূমপানের হার রেকর্ড পর্যায়ে কমেছে এবং দীর্ঘমেয়াদি পতনের ধারাও অব্যাহত রয়েছে।

তথ্যে আরও দেখা গেছে, ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা এখন ১৬ থেকে ২৪ বছর বয়সীদের ছাড়িয়ে ভ্যাপিংয়ে সবচেয়ে বেশি ব্যবহারের হার থাকা বয়সী গোষ্ঠীতে পরিণত হয়েছেন। ওএনএসের মতে, এর কারণ হতে পারে আগের ভ্যাপ ব্যবহারকারীদের বয়স বাড়া, এই বয়সী মানুষের মধ্যে ভ্যাপিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি অথবা দুটির সমন্বয়।

২০২৫ সালে যুক্তরাজ্যে পুরুষদের মধ্যে ধূমপানের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ, যেখানে নারীদের মধ্যে ছিল ৮ দশমিক ২ শতাংশ। অর্থাৎ প্রায় ২৮ লাখ পুরুষ এবং ২১ লাখ নারী ধূমপান করতেন।

২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ধূমপানের হার সবচেয়ে বেশি কমেছে। এই বয়সী মানুষের ধূমপানের হার ২০১১ সালের ২৫ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৭ দশমিক ২ শতাংশে নেমেছে।

২০২৫ সালে ইংল্যান্ডে ধূমপানের হার ছিল ৯ দশমিক ৫ শতাংশ, ওয়েলসে ১১ দশমিক ১ শতাংশ, স্কটল্যান্ডে ১১ দশমিক ৪ শতাংশ এবং উত্তর আয়ারল্যান্ডে ৯ দশমিক ৯ শতাংশ। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যের চার দেশেই ধূমপানের হার কমেছে।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের পার্কে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগঃ দুই কিশোর গ্রেপ্তার

রুয়ান্ডায় অভিবাসী স্থানান্তর নিয়ে ব্রিটেনে পার্লামেন্টারি ‘পিং-পং’

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক