TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ঘিরে উত্তেজনাঃ নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগেও গ্রেপ্তার

ব্রিটেনের রাজধানী লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘ব্যাটল অব ব্রিটেন’ স্মৃতিসৌধে ক্ষতিসাধনের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের অভিযোগেও নারী ও পুরুষসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) লন্ডনের এমব্যাঙ্কমেন্ট এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। পরে তারা হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান। ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরা বহু মানুষ এতে অংশ নেন। আয়োজকদের এই কর্মসূচিতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করেছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে একদল বিক্ষোভকারীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলপন্থী পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশে কয়েকজনকে ‘তোমাদের লজ্জা হওয়া উচিত’ বলে স্লোগান দিতেও শোনা যায়।

মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্টে অবস্থিত ব্যাটল অব ব্রিটেন স্মৃতিসৌধের ওপর উঠে পড়ার পর ক্ষতিসাধনের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড বহনকারী এক নারী ও এক পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভের ভিডিওতে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সম্ভাব্য অপরাধের অভিযোগগুলো তদন্ত করছেন বলে জানিয়েছে বাহিনীটি।

বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের কারণে জনজীবনে গুরুতর বিঘ্নের আশঙ্কা কমাতে পুলিশ আগে থেকেই কর্মসূচিতে কিছু শর্ত আরোপ করেছিল। মিছিলের নির্ধারিত পথও বেঁধে দেওয়া হয়। পাশাপাশি, পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিলে তা খুলে ফেলার নির্দেশ দেওয়া হতে পারে বলে আগেই সতর্ক করেছিল পুলিশ।

ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার তিন বছর পূর্তির মাত্র তিন দিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এর জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের আয়োজক জোটের মধ্যে রয়েছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, স্টপ দ্য ওয়ার, সিএনডি, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, ফ্রেন্ডস অব আল-আকসা এবং প্যালেস্টাইনিয়ান ফোরাম ইন ব্রিটেন। একই দিনে স্কটল্যান্ডের এডিনবরাতেও ফিলিস্তিনের সমর্থনে জাতীয় মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রঃ দ্য মেট্রো

এমকে

আরো পড়ুন

রেকর্ড পতনের পরও মাঝারি মেয়াদে যুক্তরাজ্যে অভিবাসন বাড়ার আভাস

ডলারের বিপরীতে পাউন্ডের শক্তিশালী পতন

বরিস জনসনকে ‘নিরাপত্তা হুমকি’ মনে করেন লর্ড ব্লাঙ্কেট