যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও ‘পতিত ফ্যাসিবাদী সরকারের’ সমর্থকরা ধারাবাহিক অপপ্রচারের অংশ হিসেবে এবার হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের দাবি, এসব অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের মতে, আওয়ামী লীগ অতীতেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং এবারও একই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। তবে এসব উদ্যোগ সফল হবে না বলেও দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট মহল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল।
তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি মামলার বিষয়ে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

