ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে সামরিক অভিযান চালানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে দেওয়া এ প্রস্তাব মার্কিন মধ্যস্থতায় সৌদি যুবরাজের কাছে পৌঁছানো হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার প্রস্তাবের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চেয়েছিল ইসরায়েল। একই সঙ্গে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে আঞ্চলিক অবস্থান শক্তিশালী করাও ছিল এ উদ্যোগের লক্ষ্য। তবে সৌদি যুবরাজ আশঙ্কা করেছেন, ইসরায়েলের সঙ্গে এমন সামরিক সহযোগিতায় যুক্ত হলে সৌদি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ কারণেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার আশা প্রকাশ করেছিলেন। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ বিষয়ে আলোচনা থমকে যায়। ফিলিস্তিন ইস্যু সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হয়ে রয়েছে।
এদিকে সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন বলে দাবি করা হয়েছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পরদিন রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আরাঘচি বলেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে সৌদি আরবের একটি উইং লুং-২ চালকবিহীন বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, বৈরী অভিযান পরিচালনার সময় ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়।
সূত্রঃ হারেৎজ\মিডল ইস্ট আই
এমকে

