TV3 BANGLA
photo collected: SOAS
যুক্তরাজ্য (UK)

ইউকেতে থুতু নিক্ষেপও হিজাব নিয়ে কটূক্তিঃ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মুসলিমবিদ্বেষ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি ইসলামবিদ্বেষ ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। থুতু নিক্ষেপ, শারীরিক হামলা, ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি এবং শ্রেণিকক্ষে অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রতি ১০ জন মুসলিম শিক্ষার্থীর মধ্যে প্রায় চারজনই ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

বুধবার প্রকাশিত ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজের (ফসিস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ৬৩টি বিশ্ববিদ্যালয়ের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে ৩৮ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তারা ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন।

প্রতিবেদনে নারী ও পুরুষ শিক্ষার্থীদের অভিজ্ঞতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ৪২ শতাংশ মুসলিম নারী শিক্ষার্থী ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ। অর্থাৎ মুসলিম পুরুষদের তুলনায় নারীরা বেশি বৈষম্য ও বিদ্বেষের মুখোমুখি হচ্ছেন।

বিশেষ করে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এসব বিশ্ববিদ্যালয়ে ৫৩ শতাংশ মুসলিম নারী শিক্ষার্থী ইসলামবিদ্বেষের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

প্রতিবেদনে মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরতে ২৩ বছর বয়সী হানিয়াহ কাসামের অভিজ্ঞতাও উল্লেখ করা হয়েছে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (এসওএএস) প্রথম বর্ষে পড়ার সময় তিনি ইসলামবিদ্বেষী আচরণের শিকার হন।

কাসামের বর্ণনা অনুযায়ী, একদিন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটি হলে ক্লাস শুরুর অপেক্ষায় ছিলেন তিনি। সেখানে উপস্থিত অধিকাংশ শিক্ষার্থীই ছিলেন মুসলিম। এ সময় একজন নিরাপত্তাকর্মী এসে তাদের আচরণকে ‘পশুর পালের মতো’ বলে মন্তব্য করেন। বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীদের লক্ষ্য করে অপমানজনক বক্তব্য দেন এবং তাদের ‘টাওয়েল হেডস’ বলে কটূক্তি করেন।

পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছিলেন কাসাম। তার মতে, মাথায় এমন একটি ধর্মীয় পোশাক পরা, যার কারণে অন্যদের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা থাকে, এর জন্য যথেষ্ট আত্মবিশ্বাস ও মানসিক শক্তি প্রয়োজন।

ঘটনার সময় তিনি মনে করেছিলেন, অভিযোগ জানানোর মতো কেউ নেই। পরে বিষয়টি একজন অধ্যাপকের কাছে তুলে ধরলেও প্রশাসনিক জটিলতার কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে তাকে জানানো হয়। ওই শিক্ষাবর্ষের শেষ দিকে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মী বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান।

তবে কাসামের প্রতি বৈষম্যমূলক আচরণের ঘটনা সেখানেই শেষ হয়নি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় একবার তার দিকে থুতু নিক্ষেপ করা হয়েছিল। এ ধরনের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বর্তমানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (ইউসিএল) ইংরেজি শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন কাসাম। তার অভিজ্ঞতা প্রতিবেদনে উঠে আসা বৃহত্তর সমস্যার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে, হিজাব পরা মুসলিম নারীরা তুলনামূলক বেশি ইসলামবিদ্বেষী আচরণের শিকার হচ্ছেন। ধর্মীয় পরিচয় ও পোশাকের কারণে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার প্রবণতা বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তিমূলক পরিবেশ এবং শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করছে।

জরিপের ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বন্ধ করা এবং অভিযোগের ক্ষেত্রে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইসলামবিদ্বেষী আচরণের অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।

সূত্রঃ ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস)

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের সাবেক দুই স্বরাষ্ট্র সচিবের নামে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ইসরাইলে হামলা: যুক্তরাজ্যে ইরানের দূতকে তলব

যুক্তরাজ্যে এক ডাক্তারের অশ্লীল কাণ্ডঃ জুনিয়র সহকর্মীকে দেখালেন নিজের যৌন ভিডিও