TV3 BANGLA
আন্তর্জাতিক

খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলামঃ ২০৩৫ সালের পূর্বাভাস পিউ রিসার্চ সেন্টারের

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। আগামী ২০৩৫ সালের মধ্যেই বিশ্বে মুসলিমের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির নতুন জনমিতিক পূর্বাভাসে বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন আসতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার এবং মুসলিম জনগোষ্ঠীর বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামোকে চিহ্নিত করেছে গবেষণা সংস্থাটি।
পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেটের মতে, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে সন্তান জন্মদানের হারই বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছে। তার ভাষায়, জনসংখ্যার এই পরিবর্তনের মূল বিষয় হলো শিশুর সংখ্যা।
পিউর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। সাধারণত কম শিশুমৃত্যুর দেশগুলোতে একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীপ্রতি গড়ে ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
জনসংখ্যার এই পার্থক্য ভবিষ্যতে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর আকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে গবেষণা সংস্থাটি।
পিউর সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলিমের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। নতুন পূর্বাভাসে ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটিতে।
অর্থাৎ, পূর্বাভাস অনুযায়ী ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের তুলনায় প্রায় পাঁচ কোটি বেশি হতে পারে। এর মধ্য দিয়ে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা তিনশ কোটি পূর্ণ হওয়ার সামান্য নিচে থাকতে পারে।
পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। এই সময়ে বিশ্ব জনসংখ্যা সামগ্রিকভাবে প্রায় ২৯ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পিউর পূর্বাভাসে উত্তর আমেরিকার ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। সংস্থাটির ধারণা, আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান হলেও ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে।
প্রতিবেশী কানাডায় ২০৩০ সালের মধ্যেই খ্রিস্টানদের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ ধর্মীয় পরিচয়হীন হতে পারে। কানাডায়ও একই সময়ে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গবেষণায় সাব-সাহারান আফ্রিকাকে আগামী কয়েক দশকে ধর্মীয় জনসংখ্যা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে মুসলিম ও খ্রিস্টান—উভয় জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে।
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট খ্রিস্টান জনসংখ্যার অর্ধেকেরও বেশি সাব-সাহারান আফ্রিকায় বসবাস করতে পারে। এমনকি খ্রিস্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে আসতে পারে আফ্রিকার দেশ কঙ্গো।
অন্যদিকে, মুসলিম জনসংখ্যার দিক থেকে ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন নিয়ে এই গবেষণা পরিচালিত হয়েছে। এতে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বী এবং ধর্মীয় পরিচয়হীন মানুষের জনসংখ্যা বিবেচনা করা হয়েছে।
গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, বয়সভিত্তিক কাঠামো, সন্তান জন্মদানের হার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মান্তরের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।
সূত্রঃ এপি
এমকে

আরো পড়ুন

ডোনাল্ড লুর দিল্লি ও ঢাকা সফর শুরু

ইরানে মার্কিন বিমান হামলাঃ পারমাণবিক স্থাপনায় চরম ক্ষয়ক্ষতি, ট্রাম্পের হুঁশারি ও তেহরানের পাল্টা হুমকি

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে টিকটক