24.4 C
London
July 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টিকটকে মানবপাচারের প্রচারণাঃ যুক্তরাজ্যে পাঁচ বছরের বেশি কারাদণ্ড পেলেন যুবক

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অবৈধ যাত্রার প্রচারণা এবং ট্রাকের মাধ্যমে মানুষ পাচারের অভিযোগে যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনের বাসিন্দা ২৫ বছর বয়সী জসকিরাত সিংকে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ক্যান্টারবারি ক্রাউন কোর্ট।

আদালতের নথি ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, অবৈধ অভিবাসনে সহায়তার ষড়যন্ত্রের অভিযোগে জসকিরাত সিং আগেই দোষ স্বীকার করেছিলেন। বৃহস্পতিবার আদালত সেই মামলায় তার সাজা ঘোষণা করেন।

প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, জসকিরাত সিং অন্তত চার বছর ধরে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ট্রাকের মাধ্যমে মানুষ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। একটি ভয়েস নোটে তিনি নিজেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেছিলেন। তদন্তকারীদের ধারণা, ওই বার্তার মাধ্যমে তিনি তার পাচারচক্রে নতুন সদস্য যুক্ত করার চেষ্টা করছিলেন।

তদন্তে উঠে এসেছে, তিনি ট্রাকের পেছনে মানুষ লুকিয়ে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাঠিয়ে প্রায় এক লাখ ৮৫ হাজার পাউন্ড অবৈধভাবে আয় করেন।

আদালতে উপস্থাপিত ডিজিটাল প্রমাণে দেখা যায়, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অবৈধ পারাপারের প্রচারণা চালানো হতো। একটি পোস্টে সমুদ্রসৈকতের পটভূমিতে “যুক্তরাজ্য থেকে ফ্রান্স, নিরাপদে সম্পন্ন”—এমন বার্তা ছিল। আরেকটি ছবিতে একটি কার্গো জাহাজে পণ্যবাহী ট্রাক দেখিয়ে ইঙ্গিত দেওয়া হয়, ট্রাকের ভেতরে লুকিয়ে মানুষকে ফ্রান্সে নেওয়া সম্ভব।

তদন্তে জব্দ করা মোবাইল ফোনে পরিবহন সমন্বয়সংক্রান্ত বার্তা, নগদ অর্থের ভিডিও এবং চ্যানেল পারাপারের প্রচারণামূলক টিকটক অ্যাকাউন্টের তথ্যও পাওয়া যায়।

আসামিপক্ষ আদালতে জানায়, জসকিরাত সিং ১৮ বছর বয়সে ইতালির নাগরিক হিসেবে যুক্তরাজ্যে আসেন। তার পরিবার ভারত থেকে ইতালিতে বসবাস শুরু করেছিল। তিনি যুক্তরাজ্যের নির্মাণশিল্পে বৈধভাবে কাজ করতেন এবং প্রতি মাসে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার পাউন্ড আয় করতেন। তবে তদন্তকারীদের ধারণা, নির্মাণস্থলগুলোকে তিনি সহযোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতেন।

রায় ঘোষণার সময় বিচারক অ্যালিসন রাসেল বলেন, ভারী পণ্যবাহী ট্রাকের ভেতরে সংকীর্ণ ও অনিরাপদ পরিবেশে মানুষ পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে নারী ও শিশুসহ যাত্রীদের জীবন হুমকির মুখে পড়তে পারে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, একেকবারে প্রায় ১৫ জন করে মানুষ ট্রাকে করে ফ্রান্সে পাঠানো হতো এবং চালকদের জন্য যাত্রী ওঠানো-নামানোর ব্যবস্থাও এই চক্রই করত।

২০২৪ সালের ডিসেম্বরে ডোভারে একটি ট্রাক থামিয়ে তল্লাশির সময় ভেতরে লুকিয়ে থাকা ১১ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং ২০২৫ সালের জানুয়ারিতে আরেকটি ট্রাকে পাওয়া চারজনের সাক্ষ্যের ভিত্তিতে তদন্তকারীরা জসকিরাত সিংকে শনাক্ত করে তার উলভারহ্যাম্পটনের ঠিকানায় পৌঁছাতে সক্ষম হন।

রায়ের পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, জসকিরাত সিং যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ট্রাকের মাধ্যমে অবৈধভাবে মানুষ পাঠানোর নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি চালকদের সমন্বয়, অর্থ লেনদেন এবং পুরো কার্যক্রম পরিচালনায় সক্রিয় ছিলেন। সংস্থাটি তার মানবপাচার থেকে অর্জিত অবৈধ অর্থ বাজেয়াপ্ত করতে আদালতের কাছে সম্পদ জব্দের আবেদনও করবে বলে জানিয়েছে।

সাম্প্রতিক এই মামলাকে যুক্তরাজ্য কর্তৃপক্ষ মানবপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে। তদন্তকারীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানবপাচারের প্রচারণা ও সংগঠনের প্রবণতা বাড়ছে, যা মোকাবিলায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

উইলকো স্টোর গুলোতে শোরুম খুলছে পাউন্ডল্যান্ড

শহরের জমি ব্যবহারে ফল ও সবজি উৎপাদন ৪০ শতাংশ বাড়াতে পারবে ব্রিটেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনের শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় শীর্ষ গ্রেড পেয়েছেন