TV3 BANGLA
ফিচার

ডায়রিয়ার সাধারণ ওষুধে ধ্বংস হতে পারে মস্তিষ্কের ভয়ংকর ক্যানসার কোষঃ রিপোর্ট

ডায়রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি সাধারণ ওষুধ আক্রমণাত্মক মস্তিষ্কের টিউমার কোষ ধ্বংসের নতুন সম্ভাবনা তৈরি করেছে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত ওভার-দ্য-কাউন্টার (প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায়) ডায়রিয়ার ওষুধ লোপেরামাইড পরীক্ষাগারে গ্লিওব্লাস্টোমা ক্যানসার কোষের মৃত্যু ঘটাতে পারে।
জার্মানির গোয়েথে ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্টের গবেষকেরা এ গবেষণা পরিচালনা করেন। লোপেরামাইড হলো ইমোডিয়ামের মতো ডায়রিয়ার ওষুধের সক্রিয় উপাদান।
গ্লিওব্লাস্টোমা মস্তিষ্কের অত্যন্ত আক্রমণাত্মক এক ধরনের ক্যানসার। প্রচলিত চিকিৎসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রবণতার কারণে এই ক্যানসারের চিকিৎসা বেশ কঠিন।
গবেষকেরা দেখতে পেয়েছেন, লোপেরামাইড কোষের ভেতরে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামের একটি গুরুত্বপূর্ণ কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এই কাঠামো কোষের প্রোটিন তৈরি ও সঠিকভাবে বিন্যস্ত করার কাজ করে।
সাধারণত প্রতিকূল পরিস্থিতিতে ক্যানসার কোষ নিজেদের টিকিয়ে রাখতে অটোফ্যাজি নামের একটি প্রক্রিয়া ব্যবহার করে। এর মাধ্যমে কোষ নিজের অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত উপাদান ভেঙে পুনর্ব্যবহার করে। কিন্তু লোপেরামাইডের কারণে সৃষ্ট অতিরিক্ত চাপ এই প্রক্রিয়াকে উল্টো কোষ ধ্বংসের প্রক্রিয়ায় পরিণত করে।
গবেষকেরা দেখতে পান, লোপেরামাইড কোষের মধ্যে এটিএফ৪ (ATF4) নামের একটি গুরুত্বপূর্ণ স্ট্রেস-রেসপন্স প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে রেটিকুলোর মতো কোষের ভেতরের গুরুত্বপূর্ণ কাঠামোকে ঘিরে ফেলে ভেঙে ফেলার একটি বিশেষ প্রক্রিয়া সক্রিয় হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রেটিকুলুফ্যাজি।
তবে চিকিৎসাবিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই গবেষণার অর্থ এই নয় যে লোপেরামাইড সেবন করলেই মস্তিষ্কের ক্যানসার নিরাময় হবে।
লোপেরামাইডের একটি বড় সীমাবদ্ধতা হলো, এটি সহজে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক (ব্লাড-ব্রেইন ব্যারিয়ার) অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। অন্যদিকে, অতিরিক্ত মাত্রায় এই ওষুধ গ্রহণ করলে হৃদ্‌যন্ত্রের ছন্দে প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে।
তবে ক্যানসার কোষ ধ্বংসের এই নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা ভবিষ্যতে গ্লিওব্লাস্টোমার চিকিৎসায় আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক ওষুধ তৈরির পথ দেখাতে পারে।
সূত্রঃ গোয়েথে ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট
এমকে

আরো পড়ুন

ই-বর্জ্য রিসাইকেল বাঁচাতে পারে প্রকৃতি

বিশ্বের সর্বোচ্চ আইকিউধারীর দাবি: ‘ঈশ্বর আছেন’, বিজ্ঞান-গণিতেই খুঁজে পেয়েছেন সৃষ্টিকর্তার প্রমাণ

এলো এআই স্টেথোস্কোপঃ ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্তে নতুন দিগন্ত