7.6 C
London
October 8, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের বন উজাড় গুগলেরঃ ফিনল্যান্ডে শুরু তদন্ত

নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য উত্তর ফিনল্যান্ডে ৩০০ হেক্টরের বেশি বনাঞ্চল উজাড় করার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কাটা বনভূমির পরিমাণ প্রায় ৪২০টি ফুটবল মাঠের সমান বলে জানিয়েছে ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন। সংগঠনটির অভিযোগ, আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও ছাড়পত্র ছাড়াই বিপুল এই বনভূমি উজাড় করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ফিনল্যান্ডের মুহোস পৌরসভায়, যেখানে গুগল নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করেছে। অভিযোগের পর গুগলের প্রতিনিধিত্বকারী সংস্থা ‘তুইকে ফিনল্যান্ড’-এর কার্যক্রম নিয়ে তদন্ত করছে দেশটির তদারকি সংস্থা ফিনিশ সুপারভাইজরি এজেন্সি।

ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশনের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হান্না হালমিনপা বলেন, প্রকল্পটি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না তা স্পষ্ট না হওয়া পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রাখা উচিত। তার দাবি, উপগ্রহচিত্রে এমন কিছু এলাকায় গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে, যেগুলো প্রাকৃতিকভাবে সংরক্ষণের কথা ছিল।

তবে গুগল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বন আইন অনুযায়ী প্রয়োজনীয় বিধিবিধান মেনেই গাছ কাটার কাজ করা হয়েছে। এ বিষয়ে ফিনিশ কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।

ফিনল্যান্ডে গুগলের যোগাযোগ ব্যবস্থাপক সন্ড্রে রোনান্ডার বলেন, জমি প্রস্তুত ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে পুরো এলাকায় বিস্তারিত প্রাকৃতিক জরিপ চালানো হয়েছে। এর মাধ্যমে বন ব্যবস্থাপনার সময় মূল্যবান প্রাকৃতিক অঞ্চলগুলো সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফিনল্যান্ডে গুগলের এই প্রকল্প বৃহত্তর বিনিয়োগ পরিকল্পনার অংশ। আগামী দুই বছরে ইউরোপে প্রতিষ্ঠানটির একক বৃহত্তম বিনিয়োগ হিসেবে ফিনল্যান্ডে প্রায় ১ হাজার ৩০০ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা রয়েছে। মুহোস ছাড়াও কাজানি ও ভালা পৌরসভায় নতুন কার্যক্রম এবং হামিনায় বিদ্যমান ডেটা সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা করছে গুগল।

মুহোসে বর্তমানে ভারী যন্ত্রপাতি দিয়ে জমি পরিষ্কারের কাজ চলছে। প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে নির্মাণ এলাকায় নিয়মিত ট্রাক চলাচল করছে। স্থানীয় কৃষক জোনি পিতকানেন বলেন, প্রকল্পটির ব্যাপকতা এত বেশি যে কাছাকাছি বসবাস করেও এর পূর্ণ পরিসর উপলব্ধি করা কঠিন।

তবে স্থানীয়দের মধ্যে প্রকল্পটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মাত্র প্রায় ৮ হাজার ৮০০ জনসংখ্যার মুহোসে বিপুল বিনিয়োগকে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকে। একই সঙ্গে বিদ্যুতের ব্যবহার ও এর সম্ভাব্য ব্যয় নিয়ে উদ্বেগও রয়েছে।

মুহোসের মেয়র কিম্মো হিনো বলেন, গুগলের বিনিয়োগ পুরো পৌরসভা এবং ওউলু অঞ্চলের চিত্র বদলে দিতে পারে। নির্মাণকাজে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শ্রমিক আসতে পারেন বলেও আশা করছেন তিনি। এতে স্থানীয় আবাসন ও নাগরিক সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

ফিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে ডেটা সেন্টার নির্মাণে বড় ধরনের বিনিয়োগ বেড়েছে। দেশটির ঠান্ডা আবহাওয়া এবং পারমাণবিক, বায়ু ও জলবিদ্যুৎনির্ভর তুলনামূলক স্থিতিশীল ও কম কার্বন নির্গমনকারী বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আকর্ষণ তৈরি করেছে।

তবে গুগল, মাইক্রোসফট ও টিকটকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে দেশটিতে পরিবেশ ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপের আশঙ্কা বাড়ছে। জাতীয় গ্রিডের সক্ষমতা, বিদ্যুতের দাম এবং ডেটা সেন্টারের বিপুল জ্বালানি ব্যবহারের পরিবেশগত প্রভাব নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে ডেটা সেন্টারের অতিরিক্ত জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় আরও কঠোর বিধিমালার দাবিতে একটি নাগরিক আবেদনে মাত্র তিন দিনে ৫০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। এর ফলে বিষয়টি নিয়ে ফিনিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পর্যালোচনার চাপ আরও বেড়েছে।

গুগলের প্রকল্পটি একদিকে ফিনল্যান্ডে বড় বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে বিপুল বনভূমি উজাড়, বিদ্যুৎ ব্যবহার এবং পরিবেশগত অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছে। বন উজাড়ের ঘটনায় চলমান তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করবে প্রকল্পটির পরিবেশগত ও আইনগত অবস্থান সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত।

সূত্রঃ এএফপি\এলভিভি

এমকে

আরো পড়ুন

হিজাব পরা বিচারককে দেখে আদালতেই ‘জয় শ্রীরাম’ স্লোগানঃ শিলিগুড়িতে বিতর্ক

একক পুরুষদের আশ্রয় দিবে না বেলজিয়াম

ভারতীয় গোয়েন্দা সংস্থা আর,এ,ডাব্লিউ(RAW) এর উপর নিষেধাজ্ঞা চায় আমেরিকান সংস্থা