যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু এবং কর্মীদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জোশুয়া আজাই (৩২) নামে এক ব্যক্তিকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। নার্সারি ও শিশুদের দেখাশোনার প্রতিষ্ঠানে চাকরি না পাওয়ার পর তিনি এসব হুমকি দিয়েছিলেন বলে আদালতে উঠে এসেছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রো (Metro)-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের গ্রীষ্মে লন্ডনের গ্রিনউইচ এলাকায় অবস্থিত স্টার ডে নার্সারি এবং প্লামক্রফট প্রাইমারি স্কুলে ফোন করে সহিংসতার হুমকি দেন জোশুয়া আজাই। তার হুমকির পর নিরাপত্তার স্বার্থে দুটি প্রতিষ্ঠানই জরুরি লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
গত ৭ জুলাই সকাল সাড়ে ১১টার কিছু পর স্টার ডে নার্সারিতে ফোন করেন আজাই। এ সময় তিনি নার্সারির ব্যবস্থাপককে জানান, বিকেল ৫টায় কালো হুডি পরে প্রতিষ্ঠানের বাইরে উপস্থিত হয়ে কর্মী ও শিশুদের হত্যা করবেন। এ হুমকি পাওয়ার পরপরই নার্সারির পেছনের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
অন্য একবার তিনি নার্সারিতে গিয়ে শিশুদের সঙ্গে দেখা করার অনুমতি চান। তার উদ্দেশ্য ছিল, শিশুদের এমনভাবে আতঙ্কিত করা, যাতে তারা ঘুমের মধ্যেও তাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। বিষয়টি আদালতে শুনানির সময় উঠে আসে।
এসব হুমকির পর নার্সারিটিতে লকডাউন জারি করা হয়। পরদিন সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শুধু নার্সারিই নয়, কাছাকাছি অবস্থিত প্লামক্রফট প্রাইমারি স্কুলকেও হুমকি দেন আজাই। স্কুলের কর্মীদের তিনি শিক্ষার্থীদের সতর্ক করে দিতে বলেন, যেন স্কুল থেকে বের হওয়ার সময় তারা নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকে। এ পরিস্থিতিতে শিক্ষকদের শ্রেণিকক্ষগুলো বন্ধ করে দিতে হয়।
স্কুলের একজন অভ্যর্থনাকর্মী আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, ফোনে দেওয়া হুমকির ঘটনায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে স্কুলে ফোন করেন।
গত সেপ্টেম্বরে আদালতে আজাই দুটি অপরাধের দায় স্বীকার করেন। এর মধ্যে ছিল মৃত্যু বা গুরুতর ক্ষতির হুমকিসংবলিত বার্তা পাঠানো এবং হয়রানির মাধ্যমে সহিংসতার আশঙ্কা তৈরি করা। তবে তিনি দাবি করেন, বাস্তবে হামলা চালানোর কোনো ইচ্ছা তার ছিল না।
আদালতে জানানো হয়, শিশুদের প্রাথমিক শিক্ষা ও যত্নসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন আজাই। চাকরি না পাওয়ার হতাশা থেকেই তার এমন হুমকির সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মামলার শুনানিতে উল্লেখ করা হয়।
গত শুক্রবার সাজা ঘোষণার সময় উলউইচ ক্রাউন কোর্টের বিচারক ক্রিস্টোফার গ্রাউট বলেন, শিশু ও প্রতিষ্ঠানের কর্মীদের হত্যার মতো হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া প্রয়োজন। পরে তিনি আজাইকে ২০ মাসের কারাদণ্ড দেন।
একই সঙ্গে ঘটনার সময় দায়িত্ব পালন করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করায় দুটি প্রতিষ্ঠানের চারজন কর্মীর ভূমিকার প্রশংসা করেন বিচারক। তাদের প্রত্যেককে বিচারকের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।
বিচারক বলেন, অভিভাবকরা তাদের ছোট শিশুদের নিরাপত্তা ও যত্নের জন্য নার্সারির কর্মীদের ওপর ব্যাপক আস্থা রাখেন। ওই কর্মীরা যথাযথভাবেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। এ ধরনের হুমকি শিশুদের অন্যের তত্ত্বাবধানে রেখে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অনাস্থা তৈরি করতে পারে।
সূত্রঃ মেট্রো
এমকে

